মক্কায় আবারও সতর্কতা জারি

মক্কাসহ পশ্চিমাঞ্চলীয় তিনটি শহরে নতুন করে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরব। ‘সম্ভাব্য বিপদের’ আশঙ্কায় এই সতর্কতার নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারিত এই সতর্কবার্তায় বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যেতে ও তা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, সম্ভাব্য যে কোনো ক্ষয়ক্ষতি এড়াতে জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে এই জনসতর্ক বার্তাগুলো ছড়িয়ে দেওয়া হয়। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ সম্ভাব্য বিপদের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি।
এতে মক্কা নগরীসহ লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু গভর্নরেট, তায়েফ, জেদ্দা ও তাবুক অঞ্চলের জন্যও পৃথক সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে সতর্কবার্তা জারির কয়েক মিনিট পরই সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ আরেক পোস্টে জানায়, মক্কা নগরী, তাবুক প্রদেশ, জেদ্দা গভর্নরেট ও ইয়ানবু গভর্নরেটের জন্য জারি করা সতর্কতা প্রত্যাহার করা হয়েছে এবং বিপদ কেটে গেছে।
সতর্কবার্তা পাওয়া বাসিন্দাদের শান্ত থাকতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তাদের অবিলম্বে নিকটতম নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। এর মধ্যে ভবনের ভেতরে থাকা বা জানালা থেকে দূরে কোনো ভেতরের কক্ষে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে।
এ ছাড়া বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জনগণকে খোলা জায়গা, বাড়ির বারান্দা, ছাদ এবং জানালা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। যেসব নাগরিক বা বাসিন্দা বাইরে অবস্থান করছেন, তাদের অনতিবিলম্বে কাছাকাছি কোনো মজবুত ভবনে প্রবেশ করতে বা শক্ত প্রতিবন্ধকের আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে।
সতর্কবার্তাকালীন সড়কে থাকা গাড়িচালকদের উড়ালসেতু (ফ্লাইওভার) ও উঁচুতলা ভবনের কাছাকাছি গাড়ি না থামিয়ে নিরাপদ দূরত্বে পার্ক করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে জনসাধারণকে কোনো ধরনের জনসমাগম না করতে, ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে এবং কেবল সরকারি গণমাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছে প্রশাসন।
এর আগে, ১৫ সেপ্টেম্বর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার শঙ্কায় মক্কাসহ তাবুক প্রদেশ, জেদ্দা গভর্নরেট ও ইয়ানবু গভর্নরেটে জরুরি সতর্কতা জারি করে সৌদি সরকার। এর কিছু পরেই মক্কামুখী একটি ড্রোন ভূপাতিত করা হয় বলে দাবি করে রিয়াদ। ড্রোন হুতিদের বলা হলেও হুতি বাহিনী সৌদির এই দাবি প্রত্যাখ্যান করে।
تنبيه زال الخطر عن مدينة مكة المكرمة، لسلامتك الاستمرار في اتباع تعليمات #الدفاع_المدني وتجنب التجمهر والتصوير نهائيًا. في حالة الطوارئ اتصل بالرقم (911).
— الدفاع المدني السعودي (@SaudiDCD) September 24, 2026
Alert: The danger has passed in Mecca City. For your safety, continue following #CivilDefense instructions and avoid… pic.twitter.com/w0Q7sNBtYv
