logo

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতপন্থি ৮ সন্ত্রাসী নিহতের দাবি

জিও নিউজ
জিও নিউজ
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতপন্থি ৮ সন্ত্রাসী নিহতের দাবি
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় নিরাপত্তা কর্মীরা পাহারায় রয়েছেন। ছবি: এএফপি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের ডেরা ইসমাইল খান (ডি আই খান) জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে আট সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা সূত্র।

রোববার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানা যায়, এলাকায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ সংশ্লিষ্ট সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পাওয়ার পর অভিযানটি পরিচালনা করা হয়। নিহত আটজনের মধ্যে সংগঠনটির তিনজন গুরুত্বপূর্ণ কমান্ডারও রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

অভিযান শেষে নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিদেশি মুদ্রাও উদ্ধার করা হয়েছে বলে নিরাপত্তা সূত্রের দাবি।

এর এক দিন আগে কেপির দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বেলুচিস্তানের গোরিন্দার-মাশখেল এলাকায় পৃথক অভিযানে আরও ১১ জন জঙ্গি নিহত হয়েছিল বলে জানিয়েছিল পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।

পাকিস্তানে ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে বিশেষ করে কেপি ও বেলুচিস্তানে সীমান্তপারের সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশটিতে গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চসংখ্যক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।

ইসলামাবাদভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (PICSS)-এর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে পাকিস্তাজুড়ে ২২৫টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। আগস্টে এ সংখ্যা ছিল ১৯৯টি। অর্থাৎ এক মাসে হামলা বেড়েছে প্রায় ১৩ শতাংশ। টানা তৃতীয় মাসের মতো জঙ্গি হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে, যাতে আফগান ভূখণ্ড পাকিস্তানের ভেতরে হামলা চালাতে কোনো সশস্ত্র গোষ্ঠী ব্যবহার করতে না পারে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য দায়ী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কাবুল কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তবে আফগান তালেবান কর্তৃপক্ষ পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এ নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও এখনও মতপার্থক্য দূর হয়নি। আফগান ভূখণ্ডে পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান বিরোধের বিষয় হয়ে রয়েছে।