এআইয়ের সক্ষমতা থামানোর আহ্বান মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের

কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সক্ষমতা সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বর্তমান গতিতে এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সিনেট এ বিষয়ে নিয়ন্ত্রণমূলক আইন করবে বলেও সতর্ক করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন এআই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের উদ্দেশে লেখা এক চিঠিতে স্যান্ডার্স বলেন, এআই মডেলগুলোর সক্ষমতা এখন এমন এক ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিষ্ঠানগুলো নিজেরাই এই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে।
চিঠিতে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও অ্যামোডেই ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে উদ্দেশ করে স্যান্ডার্স লেখেন, ‘মানবতার স্বার্থে আপনারা আপনাদের দেওয়া কথা রাখুন। এআইয়ের উন্নয়ন স্থগিত করুন।’
তিনি আরও বলেন, ‘বিপর্যয় এড়ানোর জন্য এখনো দেরি হয়ে যায়নি। মানুষ যে যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারে না, সেগুলো তৈরি করা বন্ধ করুন।’
স্যান্ডার্স তার চিঠিতে সাম্প্রতিক এমন একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন, যেখানে এআই ব্যবহার করে নতুন ভাইরাস তৈরির সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তার আশঙ্কা, এ ধরনের প্রযুক্তি ‘ভুল মানুষের হাতে’ পড়লে নতুন জৈব অস্ত্র তৈরি হতে পারে, যার ফলে কোটি কোটি মানুষের মৃত্যু ঘটতে পারে।
এআইয়ের নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগের আরেকটি কারণ হিসেবে তিন প্রতিষ্ঠানই তাদের এআই মডেলের অন্য প্রতিষ্ঠানের সার্ভারে অননুমোদিত প্রবেশের ঘটনা প্রকাশ করেছে বলে উল্লেখ করেন স্যান্ডার্স।
তার মতে, এসব ঘটনা প্রমাণ করে প্রতিষ্ঠানগুলো তাদের তৈরি মডেলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে।
বিশ্বের অন্যতম আলোচিত এআই গবেষক ইয়োশুয়া বেঙ্গিও এসব ঘটনাকে ‘সতর্কবার্তা’ হিসেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন। স্যান্ডার্সও তার সঙ্গে একমত পোষণ করেন।
স্যান্ডার্স লিখেছেন, মানুষের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা এবং সম্ভাব্য বিপজ্জনক ভাইরাস তৈরির সক্ষমতা সামনে আসার পরও এআই প্রতিষ্ঠানগুলো উন্নয়নের প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, প্রতিষ্ঠানগুলো এমন একটি প্রযুক্তিতে কয়েক হাজার কোটি ডলার বিনিয়োগ করছে, যা কেউ পুরোপুরি বুঝতে, ভবিষ্যতে কী হতে পারে বা তার নিয়ন্ত্রণও করতে পারছে না।
তবে এআই মডেল ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার’ দাবি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্নমতও রয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন, ওপেনএআইয়ের মডেল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো ঘটনাগুলোকে প্রতিষ্ঠানটি প্রচারের অংশ হিসেবে অতিরঞ্জিত করে থাকতে পারে। এর মাধ্যমে এআই প্রযুক্তিকে অত্যন্ত বিপজ্জনক এবং একই সঙ্গে অত্যন্ত শক্তিশালী হিসেবে তুলে ধরার চেষ্টা হতে পারে।
স্যান্ডার্সের চিঠিটি এমন এক সময়ে এল, যখন প্রযুক্তি খাতের ১ হাজার ৩০০-এর বেশি বিজ্ঞানী ও ডেভেলপার এআই উন্নয়নের গতি নিয়ে উদ্বেগ জানিয়ে পৃথক একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। তাদের মতে, প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে এর ঝুঁকি চিহ্নিত করা এবং মোকাবিলা করা কঠিন হয়ে পড়ছে।
ওই চিঠিতে প্রযুক্তি খাতের প্রকৌশলী ও কর্মীরা এআইয়ের সবচেয়ে উন্নত মডেলগুলোর উন্নয়নের গতি কমাতে আন্তর্জাতিক উদ্যোগ সমন্বয়ে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চেয়েছেন। তাদের মতে, এর ফলে নিয়ন্ত্রকেরা এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা তৈরির সময় পাবেন।
এআইয়ের সক্ষমতা নির্দিষ্ট ঝুঁকির সীমা ছাড়িয়ে গেলে উন্নয়ন (আপডেট) স্থগিত রাখার প্রতিশ্রুতিও আগে দিয়েছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। তবে ঠিক কোন পরিস্থিতিতে সেই সীমা অতিক্রম করেছে বলে ধরা হবে, তা প্রতিষ্ঠানগুলো স্পষ্ট করেনি।
অ্যানথ্রপিক জানিয়েছিল, তাদের এআই মডেল উন্নয়নের সক্ষমতা নিরাপত্তা বিধি মেনে চলার সক্ষমতাকে ছাড়িয়ে গেলে নতুন মডেলের উন্নয়ন বাড়ানো স্থগিত করা বা সেগুলোর ব্যবহার পিছিয়ে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।
অন্যদিকে ওপেনএআই জানিয়েছিল, তাদের সর্বশেষ সাইবার নিরাপত্তা মডেল ‘অ্যাস্ট্রা’ দিয়ে একটি প্রতিষ্ঠানের সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশের ঘটনার পর মডেলটির উন্নয়ন ধীর করা হবে। এআইয়ের সক্ষমতা ‘গুরুতর’ ঝুঁকির সীমায় পৌঁছালে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না হওয়া পর্যন্ত পরবর্তী উন্নয়ন বন্ধ রাখা হবে।
স্যান্ডার্সের মতে, সেই সীমা ইতোমধ্যে অতিক্রম করা হয়েছে।
চিঠিতে তিনি লিখেছেন, ‘সেই মুহূর্ত এখন এসে গেছে। এআইয়ের সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ ঝুঁকির সীমায় পৌঁছেছে।’
এআইয়ের সক্ষমতা নিয়ে উদ্বেগের প্রসঙ্গে তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধানের মন্তব্যও উল্লেখ করেন। তার দাবি, সিআইএ প্রধান এআই মডেলকে ‘ডিজিটাল পারমাণবিক অস্ত্রের’ সঙ্গে তুলনা করেছেন এবং এগুলোকে ‘প্রায় কেয়ামতের যন্ত্রের মতো’ বলেছেন।
এটি অবশ্য এআই উন্নয়ন নিয়ে স্যান্ডার্সের প্রথম উদ্বেগ প্রকাশ নয়। এর আগে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন ডেটা সেন্টার নির্মাণে সাময়িক স্থগিতাদেশের দাবি জানিয়েছিলেন তিনি। গত মার্চে কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের সঙ্গে নতুন ডেটা সেন্টার নির্মাণ সাময়িকভাবে বন্ধ রাখার একটি বিলও উত্থাপন করেন তিনি।
তাদের যুক্তি ছিল, সাময়িক স্থগিতাদেশ দিলে এআই প্রযুক্তির জন্য শক্তিশালী ফেডারেল নিরাপত্তাব্যবস্থা তৈরির সময় পাবে মার্কিন সরকার। এবার এআই মডেলের উন্নয়ন স্থগিতের দাবিতেও একই যুক্তি তুলে ধরেছেন স্যান্ডার্স।

