logo

ধ্বংসস্তূপের নিচ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার নেপালি নারী

এএফপি
এএফপি
ধ্বংসস্তূপের নিচ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার নেপালি নারী
নেপালের নুয়াকোট জেলার বেত্রাবতীতে বন্যায় বিধ্বস্ত একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া নারীকে সহায়তা করছেন নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর নিরাপত্তা কর্মীরা। ছবি: এএফপি

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিজ বাড়ি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৬৪ বছর বয়সি এক নারীকে। শনিবার দেশটির নুয়াকোট জেলায় চন্দ্রিকা শ্রেষ্ঠা নামের ওই নারীকে উদ্ধার করেন নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা।

Advertisement

পুলিশ কর্মকর্তা ইকবাল হাওয়ারি এএফপিকে জানান, এলাকা পরিষ্কারের সময় একটি পুলিশ দল তাকে খুঁজে পায়। পরে চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়।

নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চন্দ্রিকার বাড়ির সামান্য অংশই কেবল কাদার ওপরে দৃশ্যমান ছিল। বাড়িটির নিচের তলাগুলো ঘন কাদামাটি ও ধ্বংসাবশেষে পুরোপুরি ঢেকে যায়।

এর আগে, দেশটির রাসুয়া জেলায় আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেলের ভেতর থেকে জীবিত এক চীনা নাগরিককে উদ্ধার করার কথা জানায় জরুরি উদ্ধারকারী দল।

গত ২৬ আগস্ট হিমবাহ ও পাথরধসের পর চীন-নেপাল সীমান্তবর্তী এলাকায় পানির সঙ্গে কাদা ও ধ্বংসাবশেষের বিশাল ঢল নেমে আসে। অনেকটা সুনামির মতো ওই ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত ও ধ্বংসস্তূপে পরিণত হয়।

দুর্যোগের পর থেকে জীবিতদের সন্ধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উদ্ধারকারীরা। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৩৪৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৫ হাজার মানুষ।

অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে ৩১ জন নিহত এবং ৫৩১ জন নিখোঁজ রয়েছেন।

দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৫ জনে, আর নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৫০০-এর বেশি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।