সৌদি আরবের শক্তিশালী হামলা, বিস্ফোরণে কাঁপল ইয়েমেনের রাজধানী

চলমান সংঘাতের মধ্যে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠ হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় একাধিক শক্তিশালী হামলা চালিয়েছে সৌদি আরবের সামরিক বাহিনী। হামলার পুরো শহরজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে কেঁপে উঠেছে রাজধানী শহর। পাশাপাশি আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিরা।
এএফপির একজন সংবাদদাতা জানান, তিনি সানার বিভিন্ন অংশে পরপর অন্তত পাঁচটি শক্তিশালী হামলার বিকট শব্দ পেয়েছেন। বিকট বিস্ফোরণে কম্পনও অনুভূত হয়েছে। দেশটির কূটনৈতিক ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে অপর একজন প্রতিনিধি জানান, রাজধানীর আকাশসীমায় দুটি যুদ্ধবিমান থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তু লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখা গেছে।
এদিকে হুতি বিদ্রোহী-সমর্থিত বার্তা সংস্থা ও টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘রাজধানী সানার ওপর সৌদি জোটের নগ্ন আগ্রাসন’ বলে অভিহিত করেছে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য তারা প্রকাশ করেনি।
সম্প্রতি মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সবরাহ কেন্দ্রে হুতি বিদ্রোহীরা ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে গুরুতর অভিযোগ তোলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ঐতিহাসিক মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহের জন্য ওই কেন্দ্রটি অত্যন্ত জরুরি।
তবে সৌদি জোটের এই অভিযোগ শুরু থেকেই ভিত্তিহীন বলে দাবি করে অস্বীকার করে আসছে হুতিরা। পবিত্র স্থানে হামলার সেই অভিযোগ ঘিরে দুই পক্ষের মধ্যে তৈরি হওয়া চরম উত্তেজনার আবহেই এবার সানায় এই পাল্টা বিমান হামলা চালাল সৌদি জোট।
এর আগে, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে ইয়েমেনে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে রিয়াদ দুটি সম্ভাব্য পরিকল্পনা বিবেচনা করছে বলে জানিয়েছে রয়টার্স। এই খবরের পরপরই সানায় শক্তিশালী হামলার ঘটনা ঘটল।
