logo

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হতে পারেন মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমর

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হতে পারেন মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমর
ইলহান ওমর এবং ডোনাল্ড ট্রাম্প। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

অভিবাসন নথিতে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের প্রভাবশালী আইনপ্রণেতা ইলহান ওমরকে দেশ থেকে বহিষ্কার করা হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি কারাগারেও যেতে পারেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, তা হতে পারে। তিনি জেলেও যেতে পারেন।” একই সঙ্গে ট্রাম্প ওমরকে একজন “অসুস্থ ও অত্যন্ত অসৎ ব্যক্তি যিনি আমাদের দেশকে ঘৃণা করেন” বলে কটূক্তি করেন।

এদিকে, গত ১২ অক্টোবর নিজ বাসভবনে চালানো ফেডারেল অভিযানের বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন ইলহান ওমর। ‘এমএস নাও’ (MS Now)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ক্রিস হেইসের কাছে তিনি ওই অভিযান পরিচালনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। ওমর অভিযোগ করেন, ট্রাম্প সমর্থকদের সন্তুষ্ট করার লক্ষ্যেই রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বাড়িতে এই তল্লাশি চালানো হয়েছে।

ফেডারেল এজেন্টদের এই আকস্মিক তল্লাশির পর ওয়াশিংটন ডিসির অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছেন মিনেসোটার এই কংগ্রেসওম্যান। তিনি জানান, অভিযানের পর তাঁর বাসার ঠিকানা জনসমক্ষে ফাঁস হয়ে গেছে। প্রতিনিয়ত হত্যার হুমকি পাওয়ার মধ্যে এমন পরিস্থিতিতে সন্তানদের নিয়ে ওই ঠিকানায় বসবাস করা আর নিরাপদ বা বাস্তবসম্মত নয় বলে উল্লেখ করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প ও তাঁর অনুসারী ডানপন্থী মহল দীর্ঘদিন ধরে সোমালি বংশোদ্ভূত ওমরের বিরুদ্ধে অভিবাসন জালিয়াতি এবং নিজের ভাইকে ভুয়া বিয়ের মতো ভিত্তিহীন অভিযোগ প্রচার করে আসছে। তবে ওমরের দাবি, মিনিয়াপলিসের ডানপন্থী ষড়যন্ত্রকারীদের হাত ধরে ছড়িয়ে পড়া এসব দাবি সম্পূর্ণ মিথ্যা। সাম্প্রতিক এই অভিযান ট্রাম্প ও ওমরের মধ্যকার দীর্ঘদিনের বিরোধকে নতুন করে তীব্র রূপ দিয়েছে।