বিদ্যুৎ নিয়ে ইরানের সংসদীয় কমিটির বৈঠকে হঠাৎ লোডশেডিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির মধ্যে ইরানে তীব্র রূপ নিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। দেশব্যাপী তীব্র লোডশেডিং নিয়ে আইনপ্রণেতারা যখন উত্তপ্ত আলোচনায় ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ অন্ধকারে ডুবে যায় সংসদীয় জ্বালানি কমিটির বৈঠক কক্ষ। বিদ্যুৎ বিভ্রাটের সমাধানে অন্ধকারেই চলে বৈঠক।
সোমবার (২৪ আগস্ট) দেশটির পার্লামেন্টে জ্বালানি উপমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত একটি নির্ধারিত অধিবেশনে এই নজিরবিহীন ঘটনাটি ঘটে।
ফার্সি সংবাদমাধ্যম ‘জামারান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশের জাতীয় গ্রিডের বর্তমান চরম নাজুক অবস্থা সম্পর্কে প্রতিবেদন দেওয়ার জন্য বিদ্যুৎ খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জ্বালানি উপমন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন পার্লামেন্টের জ্বালানিবিষয়ক কমিটি বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ ও সমাধান নিয়ে আলোচনা করছিল। সম্প্রতি দেশজুড়ে দেখা দেওয়া দফায় দফায় লোডশেডিংয়ের কারণ পর্যালোচনা এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনের বিকল্প কৌশল নিয়ে কথা বলার ঠিক সেই মুহূর্তেই আকস্মিক বিদ্যুৎ চলে যায়।
ফলে আইনপ্রণেতাদের অন্ধকারাচ্ছন্ন মিটিং রুমে বসে থাকতে হয়। আলোচনাও চালিয়ে যান কর্মকর্তা ও আইনপ্রণেতারা। এ সংক্রান্ত দুটি ছবিও প্রকাশ করেছে ফার্সি সংবাদমাধ্যমটি।
ছবিতে দেখা যায়, কয়েকজন কর্মকর্তা ও আইনপ্রণেতারা অন্ধকারে একটি কক্ষে বসে আছেন। তারা নিজেদের মোবাইলের ফ্লাশ লাইট চালু করে রেখেছেন। আরেকটি ছবিতে দেখা যায়, একজন আইনপ্রণেতা তার আসনে বসেই আলোচনা অব্যাহত রেখেছেন।
সম্প্রতি দেশটিতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্রতিনিয়ত এমন পর্যায়ক্রমিক লোডশেডিংয়ের কারণে ইরানের আবাসিক এলাকা, জন অবকাঠামো এবং সরকারি প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

