যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা চালিয়ে ভবন ব্যবস্থাপককে হত্যার পর আত্মহত্যা করেছেন এক চিকিৎসক। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের লোগান সার্কেল এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের জিমে এ হামলার ঘটনা ঘটে। নিহত ভবন ব্যবস্থাপকের নাম জেমস স্টুয়ার্ট (৪৬)। হামলাকারী চিকিৎসক ম্যাট ওয়েড ল্যামবার্টের বয়স ৫৫ বছর। খবর বিবিসির।
পুলিশ জানায়, জিমে গুলি চালানোর পর ল্যামবার্ট ভবনের সপ্তম তলার একটি অ্যাপার্টমেন্টে আশ্রয় নিয়ে নিজেকে অবরুদ্ধ করেন। সেখান থেকে তিনি অন্তত দুই দফায় দরজা ভেদ করে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন।
মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশি আলোচকদের সঙ্গে ফোনে কথা বলার একপর্যায়ে গুলির শব্দ শোনা যায়। এরপর ল্যামবার্টের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তার শরীরে আত্মঘাতী গুলির ক্ষত ছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশি আলোচকদের সঙ্গে ফোনে কথা বলার একপর্যায়ে গুলির শব্দ শোনা যায়। এরপর ল্যামবার্টের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তার শরীরে আত্মঘাতী গুলির ক্ষত ছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের ধারণা, জিমে হামলার পর ল্যামবার্ট ভবনের সপ্তম তলার বারান্দা থেকে নিচতলায় থাকা আরও চারজনকে লক্ষ্য করে গুলি চালান। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ভবন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ হামলার সূত্রপাত হতে পারে।
ভারপ্রাপ্ত পুলিশপ্রধান ক্যারল জানান, ভবনের রক্ষণাবেক্ষণ, ছত্রাক বা মোল্ড এবং অন্যান্য সমস্যা নিয়ে ল্যামবার্টের সঙ্গে কনডোমিনিয়াম অ্যাসোসিয়েশন ও সম্পত্তি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরোধ চলছিল। এ নিয়ে তিনি একটি দেওয়ানি মামলাও করেছিলেন।
ওয়াশিংটন সান-এর প্রতিবেদন অনুযায়ী, এক বছরেরও বেশি সময় ধরে মেট্রোপোল কনডোমিনিয়াম অ্যাসোসিয়েশন ও ভবনের সম্পত্তি ব্যবস্থাপকের সঙ্গে আইনি বিরোধে জড়িয়ে ছিলেন ল্যামবার্ট।
প্রতিবেদনে বলা হয়, ভবনের সংস্কারকাজের কারণে তার প্রায় ১০ লাখ ডলারের পেন্টহাউসে পানি চুইয়ে পড়া এবং কালো ছত্রাকের সমস্যা দেখা দেয়। এতে বাসাটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি।
ঘটনার সময় ভবনে থাকা বিবিসি প্রযোজক জোনাথন স্যাপো জানান, হুট করে ফায়ার অ্যালার্ম বেজে ওঠার পর তিনি ফায়ার এস্কেপ দিয়ে বের হওয়ার সময় বিকট গুলির শব্দ ও ধোঁয়া দেখতে পান। উপস্থিত সবাই নিরাপত্তার জন্য দৌড়ে গিয়ে কাছের একটি ইটের কাঠামোর পেছনে আশ্রয় নেন।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার এই ঘটনাকে ‘একটি নিরর্থক বন্দুক সহিংসতা’ বলে উল্লেখ করেছেন এবং ঘটনা সম্পর্কে হোয়াইট হাউসকে অবহিত করা হয়েছে।

