মুসলিম হওয়ায় ১৭ দিন পানি-বিদ্যুৎহীন কলকাতার ৫০০ পরিবার

পশ্চিমবঙ্গে ক্রমশ সংখ্যালঘু বিদ্বেষ বাড়ছে। ধর্মীয় পরিচয়ের কারণে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ঘটনাও বাড়ছে বলে অভিযোগ। স্বাধীনতার পর প্রথমবারের মতো রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই বৈষম্য আরও বেড়েছে বলেও দাবি স্থানীয়দের। গত ১৭ দিন ধরে কলকাতার মুসলিম অধ্যুষিত একটি এলাকায় বন্ধ রয়েছে সুপেয় পানি সরবরাহ। ল্যাম্পপোস্টেও নেই বিদ্যুৎ সংযোগ।
কলকাতা সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাশীপুর জেটিসংলগ্ন জ্যোতিনগর কলোনিতে দেখা দিয়েছে এই নাগরিক দুর্ভোগ। স্থানীয়দের দাবি, এলাকার সিংহভাগ বাসিন্দা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের হওয়ায় তাদের সুপেয় পানি ও বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত রাখা হয়েছে। একাধিকবার কলকাতা সিটি করপোরেশন ও প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ তাদের।
জানা গেছে, জ্যোতিনগর কলোনির অধিকাংশ বাসিন্দাই দিনমজুর। নিম্নবিত্ত শ্রেণির হওয়ায় তাদের দুর্ভোগ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই বলে অভিযোগ স্থানীয়দের। কিছু ঘরে বিদ্যুৎ সংযোগ ফিরলেও দীর্ঘ ১৭ দিন ধরে সুপেয় পানি সরবরাহ বন্ধ রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, ধর্মীয় পরিচয়ের কারণে ইচ্ছাকৃতভাবে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
তবে এর নেপথ্যে কারা রয়েছে, তা স্পষ্ট করে জানাতে পারেননি ভুক্তভোগীরা। যদিও তারা বারবার ক্ষমতাসীন বিজেপি ও দলটির কট্টরপন্থি অংশের দিকে অভিযোগের তীর ছুড়েছেন। সমস্যা সমাধানের আশায় বিজেপি নেতাদের দ্বারে দ্বারে গিয়েও তেমন কোনো সমাধান মেলেনি বলে দাবি তাদের। তবে কিছু ঘরের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হয়েছে।
জ্যোতিনগর কলোনিতে প্রায় ৫০০ সংখ্যালঘু পরিবার রয়েছে। তাদের কেউ ৫০-৬০ বছর, আবার কেউ ৭০ বছর ধরে বংশপরম্পরায় সেখানে বসবাস করছেন। গত ১৭ দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম সংকটে পড়েছেন তারা। অনেকেই কলোনির পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা থেকে পানি সংগ্রহ করে রান্নার কাজে ব্যবহার করছেন। বিভিন্ন স্থান থেকে দূষিত পানি গঙ্গায় পড়ায় সেই পানি গোসল ও রান্নার কাজে ব্যবহার করে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বাসিন্দাদের দাবি, কলোনিতে থাকা পাঁচটি পানির কলের সরবরাহ বন্ধ করে মূলত বস্তি উচ্ছেদের ফন্দি আঁটছে সিটি কর্পোরেশন। তবে এ বিষয়ে কলকাতার স্থানীয় গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশে অনীহা দেখিয়েছে বলেও অভিযোগ তাদের। বিজেপি নেতৃত্বও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় বলে দাবি করা হয়েছে।
সম্প্রতি রাজ্যে অনুষ্ঠিত নির্বাচনের পর কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছেন বিজেপির রিতেশ তিওয়ারি। তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন, সংখ্যালঘুরা তাকে ভোট দেননি। তাই সংখ্যালঘুদের জন্য তিনি কোনো কাজ করবেন না। বিধায়কের এমন বক্তব্য স্থানীয়দের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

