কলকাতায় প্রেমিকার ওপর ক্ষোভে কুকুর হত্যা

লিভ-ইন সম্পর্কের জেরে বনিবনা না হওয়ায় সঙ্গীর ওপর প্রতিশোধ নিতে তার দুটি পোষ্য কুকুরকে অমানবিক কায়দায় নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার যাদবপুর এলাকায়। এই পৈশাচিক ঘটনায় অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্যকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাদবপুরের বিক্রমগড় এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে সঞ্জীব ভট্টাচার্য ও তার লিভ-ইন সঙ্গী পরী নোভা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করতেন। তাদের ফ্ল্যাটে বেশ কয়েকটি পোষ্য কুকুরও ছিল। সম্প্রতি দুজনের মধ্যে সম্পর্কে ফাটল ধরে এবং পরী সম্পর্ক ভেঙে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। গত শুক্রবার তিনি সেই ভাড়া বাসা ছেড়ে চলে গেলেও তাঁর পোষ্য কুকুরগুলো ফ্ল্যাটেই থেকে যায়।
এরপর গত শনিবার পরীকে ভিডিও কল করেন সঞ্জীব। পুলিশ জানায়, ভিডিও কলের একপর্যায়ে পরী দেখতে পান, তার একটি পোষ্য কুকুরের গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং স্থানীয় এক পরিচিত ব্যক্তিকে দ্রুত ওই ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিতে বলেন। ওই ব্যক্তি ফ্ল্যাটে পৌঁছে দেখতে পান, পরীর দুটি পোষ্য কুকুরই মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং ঘরের বিভিন্ন জায়গায় রক্ত ছড়িয়ে রয়েছে।
এমন অমানবিক ও নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অভিনেত্রী ও পশুপ্রেমী দেবলীনা দত্ত। তিনি বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও যোগাযোগ করেন এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান। পরে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্যকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি, মৃত কুকুর দুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছেন স্থানীয় পশুপ্রেমী ও সাধারণ মানুষ।