
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তেহরান এখনও আগ্রহী। ইরানের সর্বোচ্চ নেতা, বিজ্ঞানী ও সামরিক কমান্ডারদের হত্যার অভিযোগের মধ্যেও আলোচনার পথ খোলা রাখতে চায় তার সরকার।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়গুলো আন্তর্জাতিক আইনের আওতার মধ্যেই রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের যে বৈধ অধিকার রয়েছে, আলোচনাও সেসব বিষয়কে কেন্দ্র করেই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
ইরানি প্রেসিডেন্ট বলেন, তেহরান এর বাইরে কোনো অতিরিক্ত দাবি করছে না। অপর পক্ষ সম্মত হলে এই ভিত্তিতেই একটি চুক্তিতে পৌঁছাতে ইরান প্রস্তুত বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে ইরানের মৌলিক কোনো আপত্তি নেই উল্লেখ করে পেজেশকিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও তুলে ধরেন। তার দাবি, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছিল ইরান এবং সেই চুক্তির ভিত্তিতেই আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
পেজেশকিয়ান আরও বলেন, আলোচনার কাঠামো নিয়ে এরই মধ্যে সমঝোতা হয়েছিল। একই সঙ্গে হরমুজ প্রণালি বন্ধ করার বিষয়ে ইরানের বিরুদ্ধে কোনো আইনি ভিত্তি ছিল না বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, ইরান হরমুজ প্রণালি বন্ধ করেনি এবং এটি বন্ধ করার পেছনে কোনো আইনি যুক্তি বা কাঠামোও ছিল না।
ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রসঙ্গে পেজেশকিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট পক্ষগুলো ইরানের ওপর হামলা চালিয়েছে। এতে দেশটির সর্বোচ্চ নেতা, বিজ্ঞানী, সামরিক কমান্ডার ও সরকারি কর্মকর্তারা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
তবে পেজেশকিয়ানের এসব বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা স্পষ্ট নয়।
