ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন একটি রেলওয়ে ডিপোর সঙ্গে সংশ্লিষ্ট বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।
মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। গ্রীষ্মের ছুটি শেষে শিশুদের স্কুলে ফেরার দিনেই কিয়েভ ও আশপাশের এলাকায় হামলা চালানো হলো। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ হামলা বেড়ে যাওয়ায় রাজধানীতে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাতের হামলায় আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
ইউক্রেনীয় রেলওয়ের প্রধান নির্বাহী ওলেক্সান্দর পেরৎসভস্কি বলেন, একটি ক্ষেপণাস্ত্র কিয়েভের একটি রেলওয়ে ডিপো ও অন্যান্য রেল স্থাপনায় আঘাত হানে। এতে সাতজন নিহত হন, যাদের ছয়জনই রেলওয়ের কর্মী। আরও একজন রেলকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। একটি ওয়ার্কশপ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং কয়েকটি স্থানে আগুন জ্বলছিল।
কিয়েভের পূর্বদিকে অবস্থিত বরিসপিল এলাকায় হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী দূরপাল্লার অস্ত্র ও আক্রমণকারী ড্রোন ব্যবহার করে ‘ব্যাপক হামলা’ চালিয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, কিয়েভ ও আশপাশের অঞ্চলের সামরিক-শিল্প স্থাপনা এবং জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ছিল হামলার লক্ষ্য। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় ওদেসা অঞ্চলের অবকাঠামো এবং ওদেসা ও চর্নোমর্স্ক বন্দরে হামলা চালানোর কথাও জানায় মস্কো।
কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, রাতভর কিয়েভ অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ও আক্রমণকারী ড্রোনের ব্যাপক হামলা হয়েছে।
হামলার সময় রাজধানীতে থাকা এএফপির সাংবাদিকরা প্রায় এক ডজন জোরালো বিস্ফোরণের শব্দ শোনেন এবং আকাশে বিস্ফোরণের ঝলক দেখতে পান।

