সীমান্তে দুই বেসামরিক নিহত: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

পাকিস্তান-ভারত আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় ইসলামাবাদে অবস্থিত ভারতীয় চার্জ ডি'অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তান। ভারতের দূতকে সীমান্তের ওই ঘটনায় ‘কড়া প্রতিবাদ’ও জানিয়েছে তারা।
শনিবার (৩ অক্টোবর) ভারতের দূতকে তলব করেছে বলে জানিয়েছে সংবাদমাদ্যম জিও নিউজ। আগের দিন ভারতের পাঞ্জাব ও পাকিস্তানে বেদিয়ান সেক্টরে বিএসএফের গুলি দুই পাকিস্তানি নিহত হন। তারা লাধারের জত্তান ওয়ালি হাভেলির বাসিন্দা আজমত রসুল শাহ ও মহসিন জাট। এতে আরও একজন পাকিস্তানি নাগরিক আহত হন।
নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ওই তিন বেসামরিক নাগরিক নিরস্ত্র ছিলেন। একটি সীমান্ত স্তম্ভ থেকে মাত্র কয়েক পা এগোনোর পর কোনো সতর্কবার্তা ছাড়াই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই বেসামরিক নাগরিকেরা সীমান্তের বেড়া পার হওয়ার কোনো চেষ্টা করেননি বলে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, শুক্রবার বিএসএফ জওয়ানেরা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘বিনা উসকানিতে প্রাণঘাতী শক্তি’ প্রয়োগ করেছেন। ঘটনাটিকে ‘সম্পূর্ণ অযৌক্তিক ও চরম অসামঞ্জস্যপূর্ণ’ বলেও বর্ণনা করেছে তারা। নিহতদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করার যে কোনো প্রচেষ্টা পাকিস্তান দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, ঘটনাটি জীবনধারণের অধিকারসহ মৌলিক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের অধীনে বেসামরিক জীবনের সুরক্ষা নিয়েও এটি গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। অবিলম্বে এই ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনার জন্য ভারতীয় পক্ষকে আহ্বান জানানো হয়েছে।
পাকিস্তান আরও দাবি করেছে, দায়ীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভারতকে তদন্তের ফলাফল ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে পাকিস্তান সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্যও দিল্লিকে আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানি সামরিক বাহিনী একটি ভারতীয় ‘মিথ্যা অভিযান’ ফাঁস করে দেওয়ার একদিন পর সীমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটে। ওই অভিযানে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছিল, ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে একটি সাজানো সংঘর্ষে তারা একজন সাবেক পাকিস্তানি সেনাকে হত্যা করেছে।
🔊PR No.2️⃣7️⃣2️⃣/2️⃣0️⃣2️⃣6️⃣
— Ministry of Foreign Affairs - Pakistan (@ForeignOfficePk) October 3, 2026
Indian Chargé d’Affaires Summoned Over Killing of Two Pakistani Civilians
🔗⬇️ pic.twitter.com/7o9A1UvrLF
এক সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অবসরপ্রাপ্ত স্পেশাল সার্ভিসেস গ্রুপের (এসএসজি) কমান্ডো হাবিলদার মুহাম্মদ আসিফকে গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন।
ভারতের দাবি
বিএসএফ কর্মকর্তারা দাবি করেছেন যে, সীমান্তর ওপার থেকে ওই দুই ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে আসার পর বিএসএফ জওয়ানরা তাদের থামার জন্য সতর্ক করেন। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে তারা ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে আসতে থাকে। পরে বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। গুলিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
