যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৭ আগস্ট শেষ হওয়ার আগেই তা বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে যুদ্ধবিরতির মেয়াদ কতদিন বাড়ানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বুধবার (১২ আগস্ট) এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।
মধ্যস্থতার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির সময়সীমা বাড়াতে দুই পক্ষই মধ্যস্থতাকারীদের কাছে সম্মতি জানিয়েছে। তবে কতদিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হবে, তা নির্ধারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে।
পাকিস্তানের মধ্যস্থতায় গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে ১৭ জুন দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করে। এর মাধ্যমে চূড়ান্ত একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনা শুরু হয়।
তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে পরবর্তী সময়ে আলোচনা থমকে যায়।
এর মধ্যেই ৮ থেকে ২৪ জুলাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা হয়। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জামকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে।

