আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম

ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের পর মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০.২৩ শতাংশ কমে ৯২ দশমিক ৩৩ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৫ সেন্ট বা ০.৪০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়।
এর আগের কার্যদিবসেও তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ কমে যায়। একপর্যায়ে গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে এই জ্বালানি তেলের দাম।
সোমবার ট্রাম্প জানান, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা তার নেই। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এবং পরে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আপাতত হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে।
বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিষয়ে ট্রাম্পের তুলনামূলক নমনীয় বক্তব্যকেই এখন বাজার বেশি গুরুত্ব দিচ্ছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক ওয়াটারার আরও বলেন, হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা এখনও ঘটছে। তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি, যাতে বাজারে নতুন করে বড় ধরনের ঝুঁকির প্রভাব পড়েছে।
তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শিগগিরই কোনো শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছেন, ‘কল্পিত আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি করা বন্ধ করুন।’ তিনি আরও বলেন, ইরানের পক্ষ থেকে বারবার তুলে ধরা সাতটি শর্ত মেনে নেওয়ার সময় এসেছে যুক্তরাষ্ট্রের।
এদিকে তেল সরবরাহের ক্ষেত্রে ওপেকের উৎপাদন বেড়েছে। রয়টার্সের এক জরিপ অনুযায়ী, অক্টোবরে সৌদি আরব, কুয়েত ও ইরাকের উৎপাদন বৃদ্ধির কারণে ওপেকভুক্ত দেশগুলোর মোট তেল উৎপাদন বেড়েছে। তবে রপ্তানির ক্ষেত্রে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।
অন্যদিকে, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুদিনের আলোচনায় বসার পরিকল্পনা করেছেন। গত ফেব্রুয়ারির পর এটিই দুই দেশের মধ্যে প্রথম বৈঠক। গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, প্রায় সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের অবসানে একটি বৃহত্তর শান্তিচুক্তি সম্ভব, যেখানে ইউরোপের নিরাপত্তার বিষয়টিও অন্তর্ভুক্ত হতে পারে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত কমার সম্ভাবনা এবং তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করছে।

