
অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় ফিলিস্তিনিদের বাড়িঘরে তল্লাশি, বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ, সম্পত্তি নষ্ট করা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে (২৪ অক্টোবর) অধিকৃত পশ্চিম তীরে হেবরন শহরের দক্ষিণে আল-সামুয়া এলাকায় একাধিক অভিযান চালায় ইসরায়েলি সেনারা।
স্থানীয় সূত্রের বরাতে ওয়াফা জানায়, অভিযানের সময় সেনারা ফিলিস্তিনিদের একাধিক বাড়িতে তল্লাশি চালায় এবং বাসিন্দাদের ঘটনাস্থলেই জিজ্ঞাসাবাদ করে। এ সময় স্থানীয় সম্পত্তি ভাঙচুর ও বাসিন্দাদের শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগও পাওয়া গেছে।
এদিকে, শনিবার রাতে পশ্চিম তীরের তুবাস শহরেও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ওয়াফার তথ্য অনুযায়ী, শহরের বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, অভিযানের সময় ইসরায়েলি সেনারা মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় বাড়ির ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ উঠেছে।
তবে তুবাস শহরে এসব অভিযানের সময় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
