logo

ভিসাপ্রার্থীদের জন্য সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

ভিসাপ্রার্থীদের জন্য সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
মার্কিন পতাকা ও ভিসা। ছবি: কোলাজ

ভিসাপ্রত্যাশীদের জন্য সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে বলে সতর্ক করে মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (৬ অক্টোবর) মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আপনার ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এ নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

এর আগে মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে সাক্ষাৎকার প্রার্থীদের কঠোর সতর্কবার্তা দেয় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। প্রার্থীকে মিথ্যা তথ্য না দেওয়ার অনুরোধ এবং মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসা-সংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।

সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের উদ্দেশ করে দূতাবাস বলেছে, আবেদনকারীদের অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে।

সাক্ষাৎকার গ্রহণের সময় কোনো বিষয় গোপন না করে কিংবা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে শতভাগ সত্য কথা বলা উচিত। সাক্ষাৎকারে অসত্য তথ্য দিলে তার ভিসা আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জোর দিয়ে জানিয়েছে দূতাবাস।

এদিকে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটি নতুন গাইডলাইন দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। আইভ্যাকের পক্ষ থেকে মঙ্গলবার এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, পরবর্তী ২ সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হয়। যা সংশ্লিষ্ট মিশন এবং ভিসা বিভাগের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটের প্রাপ্যতা সাপেক্ষে।

আইভ্যাকের তথ্যমতে, স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রবি থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা স্লট খোলা থাকে।

গাইডলাইনে বলা হয়, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারীরা শুধুমাত্র পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট তারিখগুলোর জন্য বুক করতে পারবেন।