
ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে ছেড়ে আসা ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশি পাইলট এবং কেবিন ক্রু সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এয়ার ফ্রান্স। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই, এমন দেশগুলোর এয়ারলাইনসের ক্রুদের জন্য তেল আবিব বিধিনিষেধ কঠোর করার পর এ পদক্ষেপ নিয়েছে ফরাসি বিমান পরিবহন সংস্থাটি। ইসরায়েলের নতুন বিধিনিষেধের তালিকায় বাংলাদেশসহ ৩১টি দেশের নাম রয়েছে।
সম্প্রতি ইসরায়েলি সম্প্রচারমাধ্যম এন১২ ও ফরাসি অনুসন্ধানী সংবাদমাধ্যম মিডিয়াপার্টের বরাত দিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতীয়তার ভিত্তিতে নিজেদের আকাশসীমায় ফ্লাইট পরিচালনাকারী ক্রুসহ বিমানকর্মীদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। এয়ার ফ্রান্সও এখন এই বিতর্কিত নীতি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে।
তবে ফরাসি বিশেষজ্ঞদের মতে, এই নীতি অনুসরণের কারণে এয়ার ফ্রান্স কর্মসংস্থান আইনের আওতায় বৈষম্যমূলক মামলার মুখে পড়তে পারে।
ইসরায়েলের নতুন বিধিনিষেধের তালিকায় বাংলাদেশসহ ৩১টি দেশের নাম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব দেশের নাগরিকদের ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, আলজেরিয়া, বাংলাদেশ, ব্রুনেই, কোমোরোস, কিউবা, জিবুতি, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মৌরিতানিয়া, নাইজার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।
গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ওমানি এক কো-পাইলটের কথিত বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পরদিন, ১ অক্টোবর, ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে। ওই ঘটনায় বিমানের ভারতীয় পাইলটকে আক্রমণের অভিযোগ ওঠে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আলজাজিরাকে দেওয়া এক বিবৃতিতে এয়ার ফ্রান্স জানিয়েছে, অন্যান্য এয়ারলাইনসের মতো তারাও গ্রাহক ও কর্মীদের স্বার্থে সেবাদানকারী দেশের কর্তৃপক্ষের নির্ধারিত প্রবেশসংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে বাধ্য। তেল আবিবগামী ফ্লাইটের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মীদের ইতিমধ্যে অবহিত করা হয়েছে।
