গাড়ির বীমা না থাকলে পাম্পে গিয়ে মিলবে না জ্বালানি, ভারতে নতুন নিয়ম

ভারতে গাড়ির বীমা না থাকলে পাম্পে গিয়ে মিলবে না জ্বালানি। দেশটির সুপ্রিম কোর্টের ‘নো ইনস্যুরেন্স, নো ফ্যুয়েল’ প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে বীমা নিয়ামক সংস্থা ‘ইরডাই’।
‘অটোমেটেড নম্বর প্লেট রিকগনিশন’ ব্যবস্থার একটি পরীক্ষামূলক প্রকল্প চালুর পরিকল্পনা করছে তারা। দেশটির বেশ কিছু বাছাই করা শহরে প্রথম এ ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু হবে।
গাড়ি তেল নিতে পাম্পে ঢুকলেই বসানো স্ক্যানার স্বয়ংক্রিয়ভাবে তার রেজিস্ট্রেশন নম্বর পড়ে ফেলবে। সঙ্গে সঙ্গে সেই তথ্য মিলিয়ে দেখা হবে ‘ইনস্যুরেন্স ইনফরমেশন ব্যুরো’ (IIB) এবং সড়ক পরিবহণ মন্ত্রকের ‘বাহন’ ডাটাবেজের তথ্যের সঙ্গে। যদি দেখা যায় গাড়িটির বৈধ থার্ড পার্টি বীমা নেই। তখন সঙ্গে সঙ্গে চালককে জ্বালানি দিতে অস্বীকার করবেন পাম্প কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দেশে বর্তমানে লাখ লাখ গাড়ি উপযুক্ত বীমা ছাড়াই রাস্তায় ছুটছে। এতে দুর্ঘটনার শিকার হওয়া সাধারণ মানুষ উপযুক্ত ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হন। সেই সমস্যার সমাধান করতেই সুপ্রিম কোর্ট বীমা না থাকলে জ্বালানি না দেওয়ার এ কঠোর বিধানের পরামর্শ দিয়েছিল।
