logo

দুই শতাধিক কর্মী ছাঁটাই করল অ্যাপল

এনডিটিভি
দুই শতাধিক কর্মী ছাঁটাই করল অ্যাপল
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন ডিভাইসের উন্নয়নে বেশি গুরুত্ব দিতে সিরি ও ভিশন প্রো দলের দুই শতাধিক কর্মী ছাঁটাই করেছে অ্যাপল।

Advertisement

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ভিশন প্রো বিভাগের প্রায় ১০০টি পদ বিলুপ্ত করা হয়েছে। একই সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছে সিরি ও সফটওয়্যার-সংশ্লিষ্ট দলগুলো থেকেও।

অ্যাপলের সিরি ও সফটওয়্যার প্রকৌশল বিভাগের ‘ইন্টেলিজেন্ট সিস্টেমস এক্সপেরিয়েন্স’ দলের কর্মীরাও এই পুনর্গঠনের আওতায় পড়েছেন। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সিরি তৈরির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জনবল কাঠামো পরিবর্তন করতেই এসব পদ পুনর্বিন্যাস করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল বলেছে, ব্যবসার অগ্রাধিকার পরিবর্তনের অংশ হিসেবে কয়েকটি দল পুনর্গঠন করা হচ্ছে। এর ফলে কিছু পুরোনো পদ বিলুপ্ত হলেও নতুন পদও তৈরি হবে।

ভিশন প্রো বিভাগে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গেমিং ও ইমার্সিভ ভিডিও তৈরির কাজে। হেডসেটটির গেমিং নিয়ে কাজ করা একটি দল প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি ইমার্সিভ ভিডিও তৈরির জন্য থাকা দলটির আকারও কমানো হচ্ছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাজারে আসার পর ভিশন প্রোকে যুগান্তকারী পণ্য হিসেবে তুলে ধরেছিল অ্যাপল। কিন্তু ভারী হেডসেট এবং বর্তমানে ৩ হাজার ৬৯৯ ডলার দাম হওয়ায় এটি ব্যাপক জনপ্রিয়তা পায়নি। বিশেষ করে গেমারদের মধ্যেও এর ব্যবহার সীমিত রয়েছে।

ভিশন প্রোর জন্য ত্রিমাত্রিক ইমার্সিভ ভিডিও তৈরিতেও বিপুল খরচ হচ্ছে। প্রতিটি ভিডিও তৈরিতে অ্যাপলের কর্মী ও ঠিকাদারদের একাধিক দল প্রয়োজন হয় এবং একটি পর্ব তৈরিতে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে। সীমিতসংখ্যক ভিশন প্রো ব্যবহারকারীর কারণে এই ব্যয় নিয়ে চাপ তৈরি হয়েছে।

তবে ভিশন প্রো বা এর অপারেটিং সিস্টেম পুরোপুরি বন্ধ করছে না অ্যাপল। প্রতিষ্ঠানটি এখন থেকে নিজস্বভাবে তুলনামূলক কমসংখ্যক ইমার্সিভ ভিডিও তৈরি করবে এবং তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের কনটেন্ট তৈরিতে উৎসাহিত করবে।

এদিকে অ্যাপলের পরবর্তী অগ্রাধিকার স্মার্ট চশমা। এসব চশমায় ভিশন প্রোর মতো ইমার্সিভ ভিডিও বা উন্নত গেমিং সুবিধা থাকবে না। তবে ২০২৮ সালের শেষ নাগাদ নতুন একটি ভিশন প্রো মডেল বাজারে আনার বিষয়টি অ্যাপল বিবেচনা করছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

দুই শতাধিক কর্মী ছাঁটাই করল অ্যাপল