চাকরি হারালেন একসঙ্গে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সেই সিইও

টাইমস অব ইন্ডিয়া
চাকরি হারালেন একসঙ্গে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সেই সিইও
বিশাল গার্গ। ছবি: সংগৃহীত

চাকরিচ্যুত করা হয়েছে অনলাইন মর্টগেজ ঋণদাতা প্রতিষ্ঠান বেটার হোম অ্যান্ড ফাইন্যান্স হোল্ডিংয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গার্গকে। মার্কিন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহে তার পদে স্থলাভিষিক্ত হয়েছেন ড্যানিয়েল লুইস।

Advertisement

জানা গেছে, প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ধরে রাখা নিয়ে পরিচালনা পর্ষদের সঙ্গে তীব্র দ্বন্দ্বের জেরে তাকে বরখাস্ত এই সিদ্ধান্ত নেওয়া হলো। কোম্পানির পক্ষ থেকে তার মেজাজ, বিশ্বাসযোগ্যতা, বিচারবুদ্ধি ও আর্থিক ত্রৈমাসিক প্রতিবেদন দাখিলে বিলম্বের অভিযোগ এনে তাকে অপসারণ করা হয়।

কোম্পানির পরিচালনা পর্ষদের এক বিবৃতিতে জানানো হয়, বিশাল গার্গকে বাদ দিয়ে বোর্ডের বাকি সব সদস্য সর্বসম্মতিক্রমে তাকে বরখাস্তের পক্ষে ভোট দেন। পর্ষদ জানায়, বিশাল গার্গের ভুল সিদ্ধান্ত ও নেতৃত্বের কারণে ২০২২ সাল থেকে কোম্পানিটি ১.৫ বিলিয়ন ডলারের বেশি লোকসান গুনেছে এবং শেয়ারের দর ৯০ শতাংশেরও বেশি কমেছে।

এর আগে, বিশাল গার্গ বোর্ডের পাঁচ পরিচালকের পদত্যাগ দাবি করেন। সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডারদের সমর্থনের দোহাই দিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে এই বিরোধ চরম রূপ নেয়।

অন্যদিকে, বরখাস্ত হওয়া পদ ফিরে পেতে অ্যালেক্স স্পিরো নামের এক শীর্ষ আইনজীবীকে নিয়োগ দিয়েছেন গার্গ। পর্ষদকে দেওয়া এক চিঠিতে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, বেটার-কে পুনরায় লাভজনক না করা পর্যন্ত তিনি বার্ষিক মাত্র ১ ডলার বেতনে কাজ করতে প্রস্তুত।

বিশাল গার্গ ২০২১ সালের ডিসেম্বরে বড়দিনের ঠিক আগে একটি জুম ওয়েবিনারে ৯০০ কর্মী ছাঁটাই করে বিশ্বজুড়ে তীব্র সমালোচিত ও আলোচিত হন। সেই জুম মিটিংয়ে তিনি সোজাসুজি বলেছিলেন, ‘আপনি যদি এই কলে যুক্ত হয়ে থাকেন, তবে আপনি সেই দুর্ভাগা দলের অংশ, যাদের চাকরি এখন থেকে আর নেই।’

এ ছাড়া কর্মীদের ‘বোকা ডলফিন’ বলে ইমেইল পাঠানোর খবর ফাঁস হলে তিনি সাময়িক ছুটিতে যেতে বাধ্য হয়েছিলেন। পরে ২০২২ সালের জানুয়ারিতে সিইও হিসেবে ফিরলেও শেষ রক্ষা হলো না এই বিতর্কিত উদ্যোক্তার।

চাকরি হারালেন একসঙ্গে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সেই সিইও