ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিত্তিতে এগিয়ে নেওয়ার তাগিদ

ভারতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার নয়া দিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে চলমান কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জয়শঙ্কর বলেন, নয়া দিল্লিতে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বিদায়ী সাক্ষাতে গ্রহণ করতে পেরে তিনি আনন্দিত। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে জয়শঙ্কর তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিভিন্ন অমীমাংসিত ইস্যু আলোচনার মাধ্যমে সমাধানে উভয় পক্ষের প্রস্তুতির বিষয়টিও উঠে আসে।
পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ ভারতে তাঁর দায়িত্বের মেয়াদ শেষ করছেন। তাঁর কর্মকালীন সময়ে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক সুসংহত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কূটনৈতিক যোগাযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগত সম্পর্কের গুরুত্ব রয়েছে। এ প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
