ইরানের ওপর চাপ বাড়াল যুক্তরাজ্য, বিমান চলাচলেও কড়াকড়ি

পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণ ও আঞ্চলিক সামরিক তৎপরতা নিয়ে ইরানের ওপর চাপ আরও বাড়াচ্ছে যুক্তরাজ্য। দেশটির পারমাণবিক ও সামরিক কর্মকাণ্ড ঠেকাতে নিষেধাজ্ঞা জোরদারের উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। এ লক্ষ্যে ইরানের বিরুদ্ধে নতুন একটি বিল প্রকাশ করল তারা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত এই আইনের ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বাধা সৃষ্টির পাশাপাশি ইরানি জাহাজ ও বেসামরিক বিমান চলাচলের ওপর ব্যাপক কড়াকড়ি আরোপিত হলো।
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, নতুন এই আইন কার্যকর হলে ব্রিটিশ আর্থিক ব্যবস্থায় ইরানের প্রবেশের সুযোগ চরমভাবে সীমিত হয়ে পড়বে। এর আওতায় প্রযুক্তি, কৌশলগত পণ্য সামগ্রী ও বিভিন্ন কারিগরি পরিষেবার ওপর রপ্তানি নিষেধাজ্ঞা বিস্তৃত করা হচ্ছে।
একই সঙ্গে বিশেষ অনুমতি ছাড়া যে কোনো ইরানি এয়ারলাইনসের বিমান যুক্তরাজ্যে অবতরণ করা এবং তাদের বাণিজ্য জাহাজগুলোকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষকে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী স্টিফেন ডাউটি এক লিখিত বিবৃতিতে জানান, এই আইন পাসের মাধ্যমে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দমনে ব্রিটিশ সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত হলো।
তিনি উল্লেখ করেন, ইরান যাতে কোনো অবস্থাতেই পারমাণবিক শক্তি অর্জন করে বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাসের পক্ষ থেকে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য জানানো হয়নি।
