logo

সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

এএফপি
এএফপি
সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাশে দাঁড়িয়ে হাত নাড়ছেন। ছবি: আল মনিটর

সৌদি আরবের কাছে প্রায় ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত অস্ত্রের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের বোমা, লক্ষ্য নির্ধারণ ও পরিচালনার জন্য গাইডেন্স কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।

Advertisement

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই অস্ত্র সরবরাহের ফলে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে দেশটি আঞ্চলিক বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলা, নিজ ভূখণ্ডের নিরাপত্তা জোরদার এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় বাড়াতে পারবে।

পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, সৌদি আরবকে অস্ত্র সরবরাহের উদ্যোগটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণেও ভূমিকা রাখবে। ওয়াশিংটন সৌদি আরবকে ন্যাটোর সদস্য নয়—এমন একটি ‘প্রধান মিত্র’ হিসেবে বিবেচনা করে।

চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর সৌদি আরবও আঞ্চলিক সংঘাতের প্রভাবের মুখে পড়েছে। ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সৌদি আরবের কাছে বোমা ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব সম্পর্কে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে পররাষ্ট্র দপ্তর। তবে অস্ত্র বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত করতে মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদন এখনো প্রয়োজন।