logo

পদত্যাগের ঘোষণা দিলেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকপ্রধান

দ্য গার্ডিয়ান
দ্য গার্ডিয়ান
পদত্যাগের ঘোষণা দিলেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকপ্রধান
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ। ছবি: ইউরোনিউজ

টানা কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটালেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ। অবশেষে পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। ইসিবির প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ পূর্ণ করার প্রায় নয় মাস আগেই সরে দাঁড়াচ্ছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে এক ভিডিও বার্তায় পদত্যাগের ঘোষণা দেন লাগার্দ। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি তিনি এ পদ থেকে সরে দাঁড়াবেন। অথচ তার মেয়াদ আগমাী বছরের অক্টোবরের শেষ পর্যন্ত থাকার কথা।

ভিডিও বার্তায় লাগার্দ বলেন, ইসিবিতে কাজ করা তার জন্য ‘অত্যন্ত গর্বের ও বিরাট সৌভাগ্যের’ বিষয়। তিনি বলেন, ‘আমি মনে করি, ভালো কাজ সম্পন্ন করার অনুভূতি নিয়ে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি ইসিবি রেখে আমি এই প্রতিষ্ঠান ছাড়ছি।’

ইউরোজোনের সুদের হার নির্ধারণ নিয়ে বৈঠকে ইসিবির গভর্নিং কাউন্সিলের সদস্যরা লাগার্দকে ধন্যবাদ জানান এবং দীর্ঘক্ষণ ধরে তাকে অভিবাদন জানান।

লাগার্দকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) দায়িত্ব নেওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। সংস্থাটির বার্ষিক সভা প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের বিরুদ্ধে আর্থিক ও নৈতিক অসদাচরণের অভিযোগ ওঠার পর গত বছর তিনি পদত্যাগ করেন। তবে শোয়াব এসব অভিযোগ অস্বীকার করেছেন।

লাগার্দের আগাম পদত্যাগের ঘোষণার পর ইসিবির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এমন এক সময়ে তিনি পদ ছাড়ছেন, যখন ইউরোজোন দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মূল্যস্ফীতির চাপে রয়েছে।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নেদারল্যান্ডসের সাবেক কেন্দ্রীয় ব্যাংকপ্রধান ক্লাস নট, স্পেনের ব্যাংকার পাবলো হার্নান্দেজ দে কস, জার্মানির কেন্দ্রীয় ব্যাংকপ্রধান ইয়োয়াখিম নাগেল এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের প্রেসিডেন্ট নাদিয়া কালভিনো।

ইউরোপীয় কাউন্সিল ইসিবির প্রেসিডেন্ট নিয়োগ দেয়। ইসিবি ইউরোজোনের মুদ্রানীতি নির্ধারণ করে। বৃহস্পতিবার ব্যাংকটি সুদের হার অপরিবর্তিত রেখেছে। তবে সতর্ক করে বলেছে, জ্বালানির ব্যয় বৃদ্ধি মূল্যস্ফীতির পূর্বাভাসের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী ঝুঁকি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসের ক্ষেত্রে নিম্নমুখী ঝুঁকি তৈরি করছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বৃহস্পতিবার বলেন, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে ‘সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ উপায়ে’ ইসিবির নতুন প্রেসিডেন্টের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি নিতে হবে। ইসিবিতে দায়িত্ব পালনের জন্য লাগার্দের প্রতি গভীর কৃতজ্ঞতাও জানান তিনি।