logo

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ কানাডার

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ কানাডার
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যযুদ্ধ। ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে কানাডা। এই শুল্কের আওতায় পড়বে ৭০০টির বেশি মার্কিন পণ্য।

মঙ্গলবার (২৫ আগস্ট) কানাডা সরকার জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কের সমপরিমাণ হারে ২৭ দশমিক ৬ বিলিয়ন কানাডিয়ান ডলার বা প্রায় ১৯ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসানো হবে।

সরকারের বিবৃতি অনুযায়ী, নতুন শুল্কের আওতায় ইস্পাত ও অ্যালুমিনিয়াম, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালি সরঞ্জাম, কৃষি সরঞ্জাম, পাল্প ও কাগজ, প্লাস্টিক এবং ইলেকট্রনিকসহ বিভিন্ন পণ্য থাকবে। এসব পণ্যের ওপর শুল্কের হার হবে ১৫ থেকে ৫০ শতাংশ। আগামী ৮ সেপ্টেম্বর থেকে নতুন শুল্ক কার্যকর হবে।

বাণিজ্যযুদ্ধের প্রভাব মোকাবিলায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ৭ দশমিক ৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের একটি সহায়তা তহবিলও ঘোষণা করেছে অটোয়া। এর পরিমাণ প্রায় ৫ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলার।

কানাডা সরকার বলছে, নতুন এই তহবিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে সৃষ্ট আর্থিক চাপ মোকাবিলায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়া হবে।

গত ২২ আগস্ট দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। দুই প্রতিবেশী দেশের শেষ মুহূর্তের আলোচনায় কোনো অগ্রগতি অর্থাৎ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় এই পদক্ষেপ নেয় ওয়াশিংটন। তারই প্রেক্ষাপটে এবার মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করল অটোয়া।

যুক্তরাষ্ট্রের শুল্কের ফলে তাদের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কানাডার প্রায় ২ হাজার কোটি ডলার মূল্যের আমদানিকৃত পণ্য সরাসরি প্রভাবিত হবে। এতে কাঠ, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য, ওয়াইন, বস্ত্র ও খেলাধুলার সরঞ্জামসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হবে।