ইথিওপিয়ার টাইগ্রেতে বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলা, নিহত ৮
এএফপি

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। সোমবার এক মানবিক সহায়তা কর্মী ও প্রত্যক্ষদর্শীর বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
সহায়তা কর্মী জানান, রোববার সকালে শেরারো এলাকায় ওই হামলা চালানো হয়। এতে এক শিশুসহ আটজন নিহত এবং আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।
এক প্রত্যক্ষদর্শীও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজন মা, তার চার সন্তান ও এক নাতি রয়েছেন। এ ছাড়া আরও তিনজন নিহত হয়েছেন বলেও তিনি জানান।
তবে হামলাটি কারা চালিয়েছে বা ঠিক কী কারণে বাস্তুচ্যুতদের ওই শিবিরকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
