logo

হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

রয়টার্স
রয়টার্স
হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া
ওমানের মুসান্দাম থেকে দেখা যাচ্ছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল করছে। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া। বছরের শেষ নাগাদ এসব সম্পদ মোতায়েনের লক্ষ্য রয়েছে বলে বৃহস্পতিবার রাতে দেশটির সরকারি ও সামরিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই সামরিক মোতায়েনের জন্য পার্লামেন্টের অনুমোদন নেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে চলতি মাসেই মন্ত্রিসভার পর্যালোচনার পর পার্লামেন্টে অনুমোদনের প্রস্তাব বা সম্মতি প্রস্তাব জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

হরমুজ প্রণালিতে অবদান রাখার জন্য কয়েকটি বিকল্প বিবেচনা করছে দেশটির সরকার। এর মধ্যে রয়েছে একটি সামুদ্রিক টহল বিমান, একটি লজিস্টিক সহায়তা জাহাজ অথবা সমুদ্রের মাইন শনাক্ত ও অপসারণে সক্ষম একটি ইউনিট পাঠানো। সম্ভাব্য এই সহায়তার ধরন ও পরিসর নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি দেশের সঙ্গে দক্ষিণ কোরিয়া আলোচনা করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউস জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচলে কীভাবে বাস্তবিকভাবে অবদান রাখা যায়, সে বিষয়ে সিউল আলোচনা করছে। কিন্তু সামরিক সম্পদ মোতায়েনের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে—এমন খবর ‘তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’।

এর আগে গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে দক্ষিণ কোরিয়া অস্বীকৃতি জানানোয় তিনি আংশিকভাবে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পরিসর কমিয়েছেন।