
গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতালের চিকিৎসাকর্মীরা।
শনিবার ভোরে গাজা সিটির রিমাল এলাকার আল-আসালা ভবনে হামলাটি চালানো হয়। হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে আল জাজিরার প্রতিবেদক হানি আল-শায়ের।
আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন বয়স্ক খ্রিস্টান নারী ও তার মেয়েও ছিলেন।
রিমাল গাজা সিটির অন্যতম ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। সেখানে অস্থায়ী তাঁবু ও শিবিরে হাজারো বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়ে আছেন।
আল-শায়ের জানান, স্থানীয় সময় গভীর রাতে যখন বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন, তখন হামলাটি চালানো হয়।
তিনি বলেন, “আমরা যুদ্ধবিমানগুলোর শব্দ ক্রমেই জোরালো হতে শুনতে পাই। এরপর পরপর তিনটি হামলা হয়। হামলাগুলো অ্যাপার্টমেন্টে আঘাত করে এবং ভেতরে থাকা মানুষদের হত্যা করে।”
হামলার ফলে লক্ষ্যবস্তু করা অ্যাপার্টমেন্টটি ভেদ করে বিস্ফোরণের ধাক্কা নিচের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে বহুতল ভবনটির বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগে ভবনটিতে অন্তত এক ঘণ্টা আগুন জ্বলতে থাকে।
আল-শায়ের ঘটনাস্থলের পরিস্থিতিকে “ভয়াবহ” হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।
নিখোঁজ ব্যক্তি ও মরদেহ উদ্ধারে বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় এলাকাটির ওপর ইসরায়েলি ড্রোন উড়তে দেখা যায় এবং পুরো গাজা উপত্যকার ওপর নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দ শোনা যাচ্ছিল বলে জানান তিনি।
