ভারতে চাকরির প্রলোভন দেখিয়ে বিক্রি, যৌনপল্লী থেকে উদ্ধার ৬ বাংলাদেশি নারী

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনের একটি যৌনপল্লি থেকে ছয় বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুলিশ। তাদের যৌনপল্লিতে বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চাকরির প্রলোভন দেখিয়ে তাদের বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছিল বলে জানা গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গত বুধবার ভোরে পুনের বুধওয়ার পেঠ এলাকার একটি যৌনপল্লিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
প্রতিবেদন বলা হয়, চার ব্যক্তির বিরুদ্ধে ওই নারীদের জোরপূর্বক যৌনকাজে বাধ্য করার অভিযোগে মামলা করেছে পুনের ফারাসখানা থানার পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন পলাতক।
গোপন সংবাদের ভিত্তিতে পুনের ডেপুটি পুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল ওই যৌনপল্লিতে অভিযান চালায়।
পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘উদ্ধার হওয়া নারীদের প্রায় চার মাস আগে বাংলাদেশ থেকে পুনেতে আনা হয়েছিল। তাদের কাছে কোনো বৈধ নথিপত্র বা পরিচয়পত্র ছিল না। তারা আমাদের জানিয়েছেন, দালালেরা মুম্বাই ও ভারতের অন্যান্য শহরে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে তাদের সীমান্ত পার করে নিয়ে আসে। পরে পুনেতে এনে যৌনপল্লিতে বিক্রি করে দেয়।’
এর আগে, চলতি বছরের মার্চ মাসেও পুনে নগর পুলিশ বুধওয়ার পেঠের একটি যৌনপল্লি থেকে চার বাংলাদেশি নারীকে উদ্ধার করেছিল। তাদেরও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পুনেতে নিয়ে গিয়ে জোরপূর্বক যৌনকাজে বাধ্য করা হয়েছিল।


