পশ্চিমবঙ্গের নাম বদলে দিতে চায় বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন করতে সরব হয়ে উঠেছে ক্ষমতাসীন দল বিজেপি। বর্তমানে রাজ্যটির সরকারি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’। তবে এ নাম নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে দলটি। তাদের দাবি, বর্তমান নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ বদলে ‘পশ্চিমবঙ্গ’ করা হোক।
বুধবার (১২ আগস্ট) রাজ্যসভায় বক্তব্য দেওয়ার সময় এই দাবি তোলেন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য। এ সময় তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ শুধু একটি নাম নয়; এর একটি ইতিহাস আছে। আমরা চাই নামটি পরিবর্তন করে পশ্চিমবঙ্গ রাখা হোক।’
কেরালার নাম পরিবর্তন করে ‘কেরলম’ করার প্রস্তাবে আনা ‘কেরালা (নাম পরিবর্তন) বিল, ২০২৬’ নিয়ে আয়োজিত বিতর্কে অংশ নিয়ে শমীক ভট্টাচার্য এই দাবি জানান।
তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে রাজ্যটির নাম ‘বেঙ্গল’ বা ‘বাংলা' করার প্রচেষ্টার তীব্র সমালোচনা করে তিনি বলেন, কেবল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণেই ওই প্রস্তাব আনা হয়েছিল।
তিনি আরও বলেন, ১৯৪৭ সালের ২০ জুন শ্যামাপ্রসাদ মুখার্জীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। এমনকি কংগ্রেসও বলেছিল যে, বাঙালি হিন্দুদের স্বার্থে একটি পৃথক রাজ্য প্রয়োজন। তাই এই নাম পরিবর্তন করা হলে ইতিহাস ও আন্দোলনের প্রতি চরম অবমাননা করা হবে।
বিতর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ ও ‘আনন্দমঠ’ প্রসঙ্গ টেনে তিনি সিপিআই-এর প্রতিষ্ঠাতা মুজাফফর আহমেদের আত্মজীবনীর বরাতে অতীত বিরোধিতার ইতিহাসও তুলে ধরেন।
এছাড়া একই আলোচনায় বিহারের রাজধানী পাটনার নাম পরিবর্তন করে প্রাচীন ঐতিহ্যবাহী ‘পাটলিপুত্র’ করার দাবিতে রাষ্ট্রীয় লোক মোর্চার সদস্য উপেন্দ্র কুশওয়াহার দেওয়া প্রস্তাবকেও পূর্ণ সমর্থন জানান এই বিজেপি সাংসদ।
আলোচনায় টিডিপির বিজয় চিন্তকায়ালা, সিপিআই(এম)-এর এ. এ. রহিম, বিজেপির সুধাংশু ত্রিবেদী ও লাহার সিং সিরোয়া, কেরালা কংগ্রেস (এম)-এর জোস কে. মণি, সিপিআইয়ের সাদোষ কুমার পি., আইইউএমএলের হরিশ বীরান, ইউপিপি(এল)-এর আর. নারজারি এবং ডিএমডিকে-র এল. কে. সুধী অংশ নেন।
এ ছাড়া সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে এবং পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপীও আলোচনায় অংশ নেন।

