সৌদি আরবের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ

ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় হামলার পরপরই সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রিয়াদে কর্মরত ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিক বিস্ফোরণের বিকট শব্দ শোনার তথ্য নিশ্চিত করেছে।
এএফপির ওই সাংবাদিকের তথ্যমতে, মধ্য রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর পরই সৌদির রাজধানীতে এই বিস্ফোরণের খবর পাওয়া গেল।
হুতি পরিচালিত আল-মাসিরাহ টিভি জানায়, বিমানবন্দরে ওই হামলার কিছুক্ষণ আগে সানার উত্তরাঞ্চলে বিমান হামলা চালায় সৌদি আরব নেতৃত্বাধীন জোট।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আমরান গভর্নরটের হার্ফ সুফিয়ান জেলায় এ হামলার ঘটনা ঘটে। সেখানে অন্তত সাতবার বিমান হামলা চালানো হয়।
গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালায় হুতিরা। এতে দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর।
এরমধ্যেই হুতি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে হামলার ঘটনা ঘটল। সৌদি নেতৃত্বাধীন সর্বশেষ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে এর আগে জোটের পক্ষ থেকে কঠোর জবাব দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।
