বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ

বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। প্রাকৃতিক বিজ্ঞানে মৌলিক, পরীক্ষামূলক বা তাত্ত্বিক গবেষণায় আগ্রহী উদীয়মান ও মেধাবী বিজ্ঞানীদের জন্য তিন বছর মেয়াদি ‘সায়েন্স ফেলোশিপ’ চালু করা হয়েছে। বিশ্বের যে কোনো দেশের নাগরিকের পাশাপাশি বাংলাদেশি গবেষকরাও এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
এই প্রোগ্রামের অধীনে জ্যোতির্বিজ্ঞান ও অ্যাস্ট্রোফিজিকস, জীববিজ্ঞান, রসায়ন, পৃথিবী ও মহাসাগরবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান, পরীক্ষামূলক পদার্থবিজ্ঞান এবং থিওরি ও সিমুলেশনসহ প্রাকৃতিক বিজ্ঞানের বৈচিত্র্যময় ক্ষেত্রে গবেষণার সুযোগ রয়েছে।
ফেলোশিপের সুবিধাসমূহ
বার্ষিক স্টাইপেন্ড (বৃত্তি): বছরে ৯৮,০০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা)।
গবেষণা ও পেশাগত উন্নয়ন তহবিল: প্রতি বছর সর্বোচ্চ ১০,০০০ ডলার।
স্থানান্তর ব্যয়: সর্বোচ্চ ২,৫০০ ডলার।
অন্যান্য সুবিধা: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সুযোগ-সুবিধাসহ যোগ্য ফেলোদের জন্য শিশু যত্ন (চাইল্ড কেয়ার) ও ভিসা সংক্রান্ত ব্যয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই ক্যারিয়ারের শুরুর পর্যায়ের বিজ্ঞানী হতে হবে এবং ফেলোশিপ শুরু হওয়ার আগের তিন বছরের মধ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে।
- অন্য কোনো প্রতিষ্ঠানে সর্বোচ্চ দুই বছরের পোস্টডক্টরাল অভিজ্ঞতা গ্রহণযোগ্য হবে।
- বর্তমান স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট শিক্ষার্থী এবং পোস্টডক্টরাল গবেষকরা আবেদন করতে পারবেন না।
- যারা ১ মার্চ ২০২৭ তারিখের পূর্বে স্ট্যানফোর্ডে পোস্টডক্টরাল পদে যোগ দেবেন, তারাও এই ফেলোশিপের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র
আগ্রহী প্রার্থীদের অ্যাকাডেমিক জবস অনলাইন (AJO) প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের অবশ্যই আগে থেকে স্ট্যানফোর্ডের সম্ভাব্য ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে যোগাযোগ করে গবেষণা ও হোস্টশিপের ব্যাপারে আলোচনা করতে হবে। ফেলোশিপ চূড়ান্ত হওয়ার আগে অন্তত একজন স্ট্যানফোর্ড ফ্যাকাল্টি সদস্যকে সংশ্লিষ্ট আবেদনকারীকে হোস্ট করতে সম্মত হতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
- হালনাগাদ কারিকুলাম ভিটা (CV) ও কভার লেটার।
- তিনটি পেশাদার সুপারিশপত্র (Recommendation Letters)।
- সর্বোচ্চ দুই পৃষ্ঠার ক্যারিয়ার স্টেটমেন্ট।
- সর্বোচ্চ দুই পৃষ্ঠার গবেষণা প্রস্তাবনা (Research Proposal)। প্রস্তাবে মূল সমস্যা, আগামী ৩–৫ বছরের লক্ষ্য এবং স্ট্যানফোর্ড কীভাবে এই গবেষণায় সহায়তা করতে পারে, তা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
মেয়াদ ও যোগদানের সময়সীমা
এই ফেলোশিপের মেয়াদ মোট তিন বছর। ফেলোশিপের মূল সময়কাল ১ সেপ্টেম্বর ২০২৭ থেকে ৩১ আগস্ট ২০৩০ পর্যন্ত। তবে সুবিধাজনক ক্ষেত্রে আগামী ১ জুলাই বা ১ আগস্ট ২০২৭ থেকেও যোগ দেওয়া সম্ভব। তবে কোনো অবস্থাতেই ১ সেপ্টেম্বর ২০২৭-এর পর যোগদান গ্রহণ করা হবে না।

