
হরমুজ প্রণালিতে একটি মার্কিন ড্রোনযানে (চালকবিহীন নৌযান) হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই সময়ে ওমান উপকূলের কাছে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র বা গোলাবারুদের আঘাতের খবর পাওয়া গেছে।
আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, তারা ‘সেইলড্রোন-টাইপ’ একটি মার্কিন চালকবিহীন নৌযানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, ওই নৌযানটি একটি ‘আগ্রাসী মিশন’ পরিচালনা করছিল এবং হামলার মাধ্যমে সেটি প্রতিহত করা হয়েছে।
এদিকে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের উপকূলের কাছে দুটি জাহাজে প্রজেক্টাইল আঘাত হানার একটি প্রতিবেদন তারা পেয়েছে। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ইয়েমেনের হুথিরা গুরুত্বপূর্ণ লোহিত সাগরীয় শহর মোখা দখলে নেওয়ার দাবি করেছে। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হয়েছে।
হরমুজ ও বাব আল-মান্দাব—দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথই বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এসব এলাকায় সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জাহাজ চলাচল, সরবরাহব্যবস্থা ও তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
