মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

মিশরের রাজধানী কায়রোর কাছে গিজা শহরে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে বাঁধের ঢাল বেয়ে নিচে পড়ে যায়।
গতকাল রোববার (৮ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফায়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। ওই সময় দ্বিতীয় ট্রেনটি রেললাইনে দাঁড়িয়ে ছিল। সংঘর্ষে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উল্টে যাওয়া বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে সহায়তা করেন। আহতদের চিকিৎসায় আশপাশের হাসপাতালগুলোকে জরুরি প্রস্তুতিতে রাখা হয়েছে।
মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানান, আহতদের মধ্যে অনেকেই হাড় ভাঙা ও মাথায় আঘাত পেয়েছেন।
দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।
দুর্ঘটনার কারণে গিজা থেকে মিশরের দক্ষিণাঞ্চলগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রেন সরাতে ক্রেন পাঠানো হয়েছে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা জানায়নি কর্তৃপক্ষ।
দুর্ঘটনাটি ঘটেছে আল-আয়াত এলাকার কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে। ২০০২ সালের ফেব্রুয়ারিতে মিশরের সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনাও ঘটেছিল এই এলাকায়। ওই ঘটনায় কায়রো থেকে লুক্সরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে সরকারি হিসাবে ৩৭০ জনের বেশি নিহত হয়েছিলেন।
