logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব: রাজস্থানের বিজেপি সভাপতি

এনডিটিভি
এনডিটিভি
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব: রাজস্থানের বিজেপি সভাপতি
ভারতের রাজস্থানের বিজেপি সভাপতি মদন রাঠোর। ছবি: পিটিআই

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হলে ইসলামাবাদকে সমর্থন জানাবেন বলে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন ভারতের রাজস্থানের বিজেপি সভাপতি মদন রাঠোর। তার এই মন্তব্যের পর রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিরোধী নেতাদের কেউ কেউ তাকে ‘রাষ্ট্রদোহী’ বলেও কটাক্ষ করেছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজ্যের একটি সভায় তিনি বলেন, ‘আজ যদি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে আমরা পাকিস্তানের পাশেই থাকব। কারণ, পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ।’

একই সঙ্গে মদন রাঠোর বলেন, ‘যখন আমাদের মধ্যে কোনো সমস্যা হবে, তখন আমরা অবশ্যই ভারতের পাশে থাকব। বোঝা গেল? বিষয়টি আমাদের বোঝা উচিত।’

রাঠৌরের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিতর্ক তৈরি হয়েছে। তার বক্তব্যের সমালোচনা করেছে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল। কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ রাজস্থানের বিজেপি সভাপতিকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘যে দেশ আমাদের দেশের মানুষ ও সেনাদের হত্যা করেছে, সেই পাকিস্তানের প্রতি বিজেপির ভালোবাসা আবারও প্রকাশ্যে এলো। নরেন্দ্র মোদি ও অমিত শাহও কি পাকিস্তানের পক্ষে? ওই দেশদ্রোহীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে?’

অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিও (এএপি) মদন রাঠৌরের ওই মন্তব্যে বিজেপির কড়া সমালোচনা করেছে।

এক বিবৃতিতে এএপি বলেছে, জনগণ যখন প্রশ্ন তোলে, তখন তারা পাকিস্তানি; যুবকরা যখন আওয়াজ তোলে, তখন তারা সন্ত্রাসী! কিন্তু যখন একজন বিজেপি নেতা পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা বলেন, তখন মোদির জাতীয়তাবাদ কোথায় উধাও হয়ে যায়? যে বিজেপি পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা বলে, সেই দল কি দেশদ্রোহী, নাকি নয়, মিস্টার মোদি?

পরে রাজস্থানের সভাপতি মদন রাঠোর দাবি করেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তার ভিডিও মন্তব্যটি কাঁটছাট করে ‘বিকৃত’ করা হয়েছে। ‘এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা একেবারেই অনুচিত’। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের প্রেক্ষাপটে ওই মন্তব্যটি করেছিলেন বলে দাবি করেন মদন রাঠৌর।

তিনি বলেন, ‘হ্যাঁ, লোকেরা আমার কথা থেকে শুধু শেষের দুটি লাইন নিয়ে সেগুলো উপস্থাপন করেছে। অথচ আমি খুব স্পষ্টভাবে বলেছিলাম যে, যদি ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ হয় এবং ভারত হেরে যায়, তাহলে যে ব্যক্তি এ নিয়ে বাজি ফোটায়, সে এই দেশের দেশপ্রেমিক নয়। হ্যাঁ, যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে থাকে, সেটা ভিন্ন বিষয়।’