বাল্টিক সাগরে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, ভয়াবহ আগুন

বাল্টিক সাগরে রাশিয়ার একটি কার্গো জাহাজে ড্রোন হামলার পর আগুন ধরে গেছে। ইউক্রেন এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফিনল্যান্ড। স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) হামলার শিকার হওয়ার পর জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে।
‘স্পার্টা-২’ নামের ১২১ মিটার দীর্ঘ রুশ পতাকাবাহী জাহাজটির ১৬ জন ক্রু লাইফবোটে করে নিরাপদে বেরিয়ে আসেন। পরে তাঁদের কাছাকাছি থাকা একটি রুশ জাহাজে নেওয়া হয়। তাঁরা রাশিয়ায় ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলজা ইলজিন।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানায়, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি হামলার শিকার হয়। জাহাজটি রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের উদ্দেশে যাচ্ছিল। শনিবার রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। উদ্ধার অভিযান পরিচালনা করছে ফিনল্যান্ড। জাহাজটি বর্তমানে দেশটির জলসীমায় নোঙর করা রয়েছে। পরে রুশ জাহাজের মাধ্যমে সেটিকে রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হতে পারে।
ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন এক সংবাদ সম্মেলনে বলেন, হামলার পেছনে ইউক্রেনের হাত থাকার সম্ভাবনাই বেশি। তবে ঠিক কী কারণে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
উদ্ধার অভিযান চলাকালে একটি রুশ হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন ফিনল্যান্ডের উপসাগরীয় অঞ্চলের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার মিক্কো সিমোলা।
যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা
ঘটনার পর বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে ড্রোন প্রতিহত করার সুযোগ তৈরি করতে ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে সাময়িকভাবে আকাশ ও সমুদ্র চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে হেলসিঙ্কি।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অর্পো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘যুদ্ধ আমাদের প্রতিবেশী এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ছে। ফিনল্যান্ডের কর্তৃপক্ষ উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি সামাল দিচ্ছে, যেখানে ড্রোন হামলায় একটি রুশ বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগ্রাসীর বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।’
এদিকে ফিনল্যান্ডের অধীনে পরিচালিত সুইডিশ যুদ্ধবিমান দেশটির ও ন্যাটোর আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় অভিযানে অংশ নেয় বলে জানিয়েছেন সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পল জনসন।
উদ্ধার অভিযানে সহায়তার জন্য একটি নৌযান পাঠিয়েছে এস্তোনিয়া। দেশটির সরকার জানিয়েছে, উদ্ধারকাজের পাশাপাশি অগ্নিনির্বাপণ ও সমুদ্রে দূষণ মোকাবিলায় সহায়তা করবে নৌযানটি।
এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল বলেন, ‘রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের প্রভাব এখন বাল্টিক সাগরেও পৌঁছেছে। আগ্রাসীর জন্য এটি থেমে যাওয়ার আরেকটি সংকেত। তবে ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে আমাদের কেউ বিরত রাখতে পারবে না।’
সামরিক সরঞ্জাম থাকতে পারে জাহাজে
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্পার্টা-২ জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত এবং রাশিয়ার জাহাজ চলাচল ও পরিবহন প্রতিষ্ঠান ওবোরোনলজিস্টিকার সঙ্গে সংশ্লিষ্ট। প্রতিষ্ঠানটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পরিবহন ও সরবরাহসংক্রান্ত সেবা দিয়ে থাকে।
জাহাজটিতে কী ধরনের পণ্য রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এতে সামরিক সরঞ্জাম থাকতে পারে বলে জানিয়েছেন ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা ইলজা ইলজিন।
রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানান, আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার সীমান্ত থেকে প্রায় তিন নটিক্যাল মাইল দূরে দুটি ড্রোন দিয়ে একটি কার্গো জাহাজে হামলা চালানো হয়। একই রাতে ওই অঞ্চলে ৮০টি ড্রোন ভূপাতিত করার দাবিও করেন তিনি।
এর আগে গত সপ্তাহে ইউক্রেনের ড্রোন হামলার সময় একই এলাকায় একটি রুশ যুদ্ধজাহাজে হামলার ঘটনা শনাক্ত করার কথা জানিয়েছিল ফিনল্যান্ডের সামরিক বাহিনী।
কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভানিখ অবশ্য জানিয়েছেন, এ ঘটনায় অঞ্চলটির সরবরাহব্যবস্থার জন্য কোনো হুমকি তৈরি হয়নি।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে শুক্রবার যাত্রা শুরু করা স্পার্টা-২ জাহাজটির মালিক ওবোরোনলজিস্টিকা। জাহাজটি রুশ পতাকাবাহী এবং ১২১ মিটার দীর্ঘ।
ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মধ্যবর্তী ফিনল্যান্ড উপসাগর বাল্টিক সাগরের একটি সংকীর্ণ অংশ, যা পূর্ব দিকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত বিস্তৃত। রাশিয়া ও ন্যাটোর মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে অঞ্চলটি দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
সূত্র: রয়টার্স

