নেপালে এক বাড়ি থেকেই ২৪ মরদেহ উদ্ধার

নেপালের বন্যাকবলিত বিদুর এলাকায় একটি বাড়ি থেকে ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশ কর্মকর্তা বিপিন রেগমি এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার বিপিন রেগমি বলেন, ওই স্থানে আরও মরদেহ মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে সেখানে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
বেত্রাবতী পৌরসভার কর্মকর্তা মঙ্গল তামাং জানান, মাটির নিচে চাপা পড়া মরদেহগুলোর মধ্যে একটি শিশুর। বাকি ২৩টি মরদেহ প্রাপ্তবয়স্কদের।
তিনি বলেন, উদ্ধার হওয়া ২৪ মরদেহের মধ্যে ছয়টি হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। বাকি মরদেহগুলো বর্তমানে ওই এলাকাতেই রয়েছে। সেগুলোও পরে কাঠমান্ডুতে পাঠানো হবে।
মঙ্গল তামাং বলেন, একই স্থান ও আশপাশের বাড়িগুলোতে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হবে। সেখানে আরও মরদেহ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ দিকে ভয়াবহ বন্যায় কাদামাটির নিচে চাপা পড়া জলবিদ্যুৎ প্রকল্পগুলোর টানেলে আটকে থাকা শত শত শ্রমিককে উদ্ধারে সোমবার জোর তৎপরতা শুরু করেছেন উদ্ধারকারীরা। এদিকে মৃতের সংখ্যা বাড়তে থাকায় নিখোঁজ স্বজনদের সন্ধানে আরও মরিয়া হয়ে উঠেছেন পরিবারের সদস্যরা।
নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা মিলিয়ে ৯৫০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪০০ জনের বেশি। নেপালের বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব নেপাল (আইপিপ্যান) জানিয়েছে, দেশটির রাসুয়া ও নুয়াকোট জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১২টি জলবিদ্যুৎ প্রকল্পের অন্তত ৯০০ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ শ্রমিকদের মধ্যে প্রায় ৫০০ জন টানেলের ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

