দুবাইয়ে আট মাসে এসেছেন ৭০ লাখের বেশি পর্যটক

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইমারতে পর্যটন খাতে এসেছে বড় ধরনের সাফল্য। ২০২৬ সালের প্রথম আট মাসে প্রায় ৭০ লাখ আন্তর্জাতিক পর্যটক দুবাই ভ্রমণ করেছেন, একই সময়ে হোটেল কক্ষের বুকিং পৌঁছেছে প্রায় ২ কোটি ১০ লাখে।
গত ১৪ সেপ্টেম্বর দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া ৩৩তম ‘অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট ২০২৬’ পরিদর্শনকালে এই তথ্য জানান দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এই পরিসংখ্যান তুলে ধরেন।
দুবাই পর্যটন কর্তৃপক্ষের (ডিইটি) সরকারি হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দুবাইয়ে এসেছেন প্রায় ৬৯ লাখ ৭০ হাজার আন্তর্জাতিক পর্যটক। এর মধ্যে শুধু আগস্ট মাসেই এসেছেন প্রায় ৮ লাখ ৬৯ হাজার পর্যটক, যা ফেব্রুয়ারির পর সর্বোচ্চ মাসিক সংখ্যা এবং গত বছরের একই মাসের তুলনায় ৬৩ শতাংশ প্রবৃদ্ধি। মার্চ থেকে টানা প্রতি মাসেই দুই অঙ্কের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।
চার দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছে ৮০টি দেশের প্রদর্শক প্রতিষ্ঠান। বিশ্বের পর্যটন কর্তৃপক্ষ, বিমান সংস্থা, আন্তর্জাতিক আতিথেয়তা ব্র্যান্ড ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই আয়োজনে অংশ নিয়ে বৈশ্বিক পর্যটন শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে বলে জানান শেখ মোহাম্মদ। ‘ট্রাভেল ২০৪০: ড্রাইভিং নিউ ফ্রন্টিয়ার্স থ্রু ইনোভেশন অ্যান্ড টেকনোলজি’ প্রতিপাদ্যে আয়োজিত এই মেলায় ৪০টিরও বেশি দেশ থেকে ৩০০-র বেশি আন্তর্জাতিক ভ্রমণ-বাণিজ্য পেশাজীবী অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, ২০২৫ সালে দুবাই রেকর্ড প্রায় ১ কোটি ৯৬ লাখ আন্তর্জাতিক পর্যটক পেয়েছিল, আর সেই বছর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছিলেন রেকর্ড প্রায় ৯ কোটি ৫২ লাখ যাত্রী, যা ২০২৬ সালে ৯ কোটি ৯৫ লাখে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিলের (ডব্লিউটিটিসি) হিসাবে, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান ছিল ৬৮ দশমিক ৫ বিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক পর্যটকদের ব্যয় দাঁড়িয়েছিল ৫৬ দশমিক ৯ বিলিয়ন ডলারে।
