কলকাতায় প্রতিমা তৈরির ব্যস্ততা, বাড়ছে খরচে দুশ্চিন্তা

মাটির সংকট, উপকরণের দ্বিগুণ দাম ও বৃষ্টির ধাক্কা; বাড়েনি প্রতিমার বাজেট

এশিয়া পোস্ট নিউজ, কলকাতা
কলকাতায় প্রতিমা তৈরির ব্যস্ততা, বাড়ছে খরচে দুশ্চিন্তা
সনাতনী বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজাকে ঘিরে ভারতের কলকাতায় প্রস্তুতি তুঙ্গে। ছবি: এশিয়া পোস্ট

ঢাকে কাঠি পড়ার আর মাত্র কয়েক দিন বাকি। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজাকে ঘিরে চারিদিকে যখন প্রস্তুতির আবহ তৈরি হচ্ছে, তখন পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের প্রাণকেন্দ্র কলকাতার কুমোরটুলিতে বিরাজ করছে উদ্বেগ ও অনিশ্চয়তা। দিন-রাত এক করে দেবী প্রতিমা গড়তে ব্যস্ত থাকলেও শিল্পীদের চোখে-মুখে খেলা করছে দুশ্চিন্তার ছাপ।

Advertisement

কয়েক দিন আগের তীব্র বর্ষণ এবং মৌসুমের শুরুতেই দেখা দেওয়া মাটির সংকট শিল্পীদের মারাত্মক দুশ্চিন্তায় ফেলেছে। মাটি মিললেও তা কিনতে হচ্ছে দ্বিগুণ থেকে তিন গুণ দামে। শুধু মাটিই নয়; বাঁশ, কাঠ, দড়ি, রং ও প্রতিমার সাজসজ্জার উপকরণসহ সব কিছুর দামই এক বছরের নিরিখে বেড়ে দ্বিগুণ হয়েছে। নিম্নচাপের কারণে কাঁচা মাটি শুকাতে ব্যবহৃত গ্যাসের অগ্নিমূল্যও শিল্পীদের খরচ বাড়িয়ে দিয়েছে বহু গুণ। কিন্তু এই বর্ধিত খরচের অনুপাতে পূজো উদ্যোক্তারা প্রতিমার বাজেট বাড়াননি।

কুমোরটুলির ছোট-বড় প্রায় ৪৫০টি কর্মশালায় প্রতি বছর গড়ে চার থেকে সাড়ে চার হাজার দুর্গা প্রতিমা তৈরি হয়, যা স্থানীয় পূজার পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্য ও বিদেশেও পাঠানো হয়। সারা বছর অন্যান্য দেব-দেবীর প্রতিমা মিলিয়ে প্রায় লক্ষাধিক প্রতিমা তৈরি হয় এই এলাকায়, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ১০ হাজার মানুষের রুটি-রুজির সংস্থান করে।

কুমোরটুলির শিল্পী তাপস পাল ও কৃষ্ণ গোপাল পাল জানান, প্রতিমা তৈরিতে প্রতিটি ধাপে অক্লান্ত পরিশ্রম করা হলেও এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কোনো স্থায়ী সুবিধা পাওয়া যায়নি। সমস্যা ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিকবার প্রশাসনের দরবারে জানানো হলেও মেলেনি সমাধান। শারদীয়ার আলোয় গোটা বাংলা যখন মেতে উঠবে, তখন সেই আনন্দের কারিগর কুমোরটুলির শিল্পীদের এসব সমস্যার দিকে রাজ্য সরকারের নজর পড়বে কি না, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

কলকাতায় প্রতিমা তৈরির ব্যস্ততা, বাড়ছে খরচে দুশ্চিন্তা