logo

হারেৎজের বিরুদ্ধে মামলা করবেন নেতানিয়াহু

হারেৎজের বিরুদ্ধে মামলা করবেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হারেৎজ পত্রিকার একটি প্রতিবেদনের সঙ্গে দেখা যাচ্ছে। ছবি: সিয়াসাত ডেইলি

শতবছরের পুরোনো ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বিরুদ্ধে মানহানির মামলা করার আইনি সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পত্রিকাটির জ্যেষ্ঠ সাংবাদিক শ্লোমি এলদারসহ সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের বিরুদ্ধেও এই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে নেতানিয়াহুর কার্যালয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, সংবাদমাধ্যম হারেৎজ, সাংবাদিক শ্লোমি এলদার ও অন্যান্যদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মানহানির মামলা দায়ের করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।

অভিযোগ অনুযায়ী, সংবাদমাধ্যমটি একটি ‘ভিত্তিহীন’ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের নজিরবিহীন আক্রমণের প্রায় দেড় সপ্তাহ আগেই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে সম্ভাব্য হামলার বিষয়ে নেতানিয়াহুকে আগেভাগে সতর্ক করা হয়েছিল।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সরাসরি নেতানিয়াহুকে এই সতর্কবার্তা দিয়েছিলেন। এমনকি নেতানিয়াহু ইউএই প্রেসিডেন্টের কাছ থেকে প্রাপ্ত সেই সংবেদনশীল তথ্য ইসরায়েলের শীর্ষ গোয়েন্দা ও সামরিক কর্তৃপক্ষের কাছে প্রকাশ করেননি বলেও প্রতিবেদনে অভিযোগ তোলা হয়।

প্রস্তাবিত আইনি ব্যবস্থার বিষয়টি স্পষ্ট করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নেতানিয়াহুর কার্যালয় জানায়, ‘সমস্ত দাবি সত্ত্বেও, ২০২৩ সালের সেপ্টেম্বরের শুরু থেকে ৭ অক্টোবর পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কোনো ধরণের ফোনালাপ বা যোগাযোগ হয়নি।’

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তৎকালীন সময়ের প্রধানমন্ত্রীর দাপ্তরিক ফোনালাপের যাবতীয় রেকর্ড বা ‘কল লগ’ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়েছে এবং সেখানে এ ধরনের কোনো যোগাযোগের বিন্দুমাত্র অস্তিত্ব মেলেনি।