ভারতে বন্দুকের মুখে ধর্ষণের অভিযোগ, পুলিশের গুলিতে আহত অভিযুক্ত

ভারতের ওড়িশার ভুবনেশ্বরে বন্দুকের মুখে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে গেলে তিনি পুলিশের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। পরে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে ডান পায়ে গুলিবিদ্ধ হন ওই যুবক।
ঘটনাটি ভুবনেশ্বর-কটক পুলিশ কমিশনারেট এলাকায় ঘটেছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ২৬ বছর বয়সি এক তরুণীর ভাড়া করা ফ্ল্যাটে ঢুকে তাকে বন্দুক দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগকারীর দাবি, ঘটনার সময় অভিযুক্ত মুখোশ পরেছিলেন। অভিযোগ পাওয়ার পর থেকেই তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা শুরু করে পুলিশ।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান জানতে পারে পুলিশ। ভুবনেশ্বরের ডিসিপি সরভানা বিবেক এম জানান, ওই যুবক বাইকে করে যাওয়ার সময় পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে। তখন তিনি ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে অভিযুক্তের ডান পায়ে গুলি লাগে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ডিসিপি সরভানা বিবেক এম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত গত কয়েক বছর ধরে ভুবনেশ্বরে বসবাস করছিলেন। তবে অভিযোগকারী আগে থেকে তাঁকে চিনতেন না বলে পুলিশকে জানিয়েছেন।
