ইমরান খান কি কারাগারেই মারা গেছেন?

কয়েক মাস ধরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কবে কারাগার থেকে মুক্তি পাবেন। এর মধ্যেই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার ‘মৃত্যুর খবর’ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা এই সাবেক প্রধানমন্ত্রী আদৌ বেঁচে আছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এর মধ্যে পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খানের একটি বিস্ফোরক দাবি সেই উদ্বেগ আরও বাড়িয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ওই সাংবাদিক সামরিক সূত্রের বরাত দিয়ে দাবি করেন যে, ইমরান খান আর বেঁচে নেই। দীর্ঘ দিন ধরে পিটিআই প্রধানের কোনো সুনির্দিষ্ট খোঁজখবর না মেলায় এই গুঞ্জন তীব্র রূপ ধারণ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই সংবাদের পর ইমরান খানের দল পিটিআই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দীর্ঘদিন ধরে ইমরান খানের বোন, আইনি দল কিংবা ব্যক্তিগত চিকিৎসকদের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে পিটিআই।
পরিস্থিতি মোকাবিলায় পিটিআই অবিলম্বে স্বচক্ষে ইমরান খানের স্বাস্থ্যগত অবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছে। অন্যথায় রাজধানী ইসলামাবাদ অভিমুখে অন্তত ২০ লাখ সমর্থক নিয়ে লংমার্চ ও বিক্ষোভে পুরো দেশ স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে পিটিআইয়ের এ সকল অভিযোগ ও আন্দোলনের হুমকিকে ভিত্তিহীন ও রাজনৈতিক কৌশল বলে আখ্যা দেওয়া হয়েছে। দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ইমরান খান মারা গেছেন এমন খবর প্রত্যাখ্যান করেছে। ফলে বর্তমানে তার মৃত্যুর দাবি নিশ্চিত কোনো তথ্য নয়।
তবে পিটিআইয়ের কড়া আলটিমেটামের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এর আগে, গত বছরও প্রায় একই ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়লে ইমরান খানের বোন উজমা খানম কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করার পর পরিস্থিতি শান্ত হয়েছিল। তবে এবার দীর্ঘদিন ধরে স্বজন ও চিকিৎসকদের সাক্ষাৎ বন্ধ থাকায় পাকিস্তানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং বর্তমানে আদিয়ালা জেলে বন্দি। তার স্বাস্থ্য ও কারাবন্দি অবস্থাকে ঘিরে এর আগেও নানা দাবি ও বিতর্ক তৈরি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার আইনজীবী কারাগারে সাক্ষাতের পর তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখেছেন বলে জানিয়েছিলেন।

