logo

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭, আহত ৪০

বিবিসি
বিবিসি
জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭, আহত ৪০
শুক্রবার জর্ডানের হামুদে একটি গ্রিক অর্থোডক্স গির্জায় গুলির ঘটনায় সাতজন উপাসক নিহত হওয়ার পর, সেখানে সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা জড়ো হয়েছেন। ছবি: আরব নিউজ

জর্ডানের মধ্যাঞ্চলে একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির কারাক গভর্নরেটের হামুদ এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা একটি গাড়িতে করে গির্জায় আসে। পরে সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া জানিয়েছেন, হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনী কাজ করছে। তিনি হামলাকারীদের চরমপন্থী গোষ্ঠীর সদস্য হিসেবে উল্লেখ করেন। এ ঘটনাকে বেদনাদায়ক ও ভয়াবহ বলেও মন্তব্য করেন তিনি।

দেশটির রাজা দ্বিতীয় আবদুল্লাহ হামলাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বিবিসির যাচাই করা সিসিটিভি ফুটেজে তিনজন বন্দুকধারীকে সড়ক থেকে গির্জার দিকে এগিয়ে যেতে দেখা গেছে। ফুটেজে প্রথমে দুজনকে গির্জার প্রবেশপথের দিকে যেতে এবং পরে ফিরে এসে তৃতীয় ব্যক্তির সঙ্গে পুনরায় এগিয়ে যেতে দেখা যায়। এ সময় তিনজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা গির্জা থেকে বেরিয়ে একটি পিকআপে করে পালিয়ে যাওয়ার সময়ও গুলি চালায়।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানের কারাক অঞ্চলে উল্লেখযোগ্যসংখ্যক খ্রিষ্টান সম্প্রদায়ের বসবাস রয়েছে। দেশটিতে এ ধরনের প্রাণঘাতী সহিংসতার ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও অতীতে কয়েকটি বড় ধরনের হামলার নজির রয়েছে।

এদিকে, হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় শোক পালন করতে আসা মানুষের ওপর এ ধরনের হামলা ধর্মীয় ও মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।