অস্ট্রেলিয়ায় বন্ধ হচ্ছে ‘ভিসা হপিং’, বিপাকে শিক্ষার্থীরা

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ব্যবস্থায় নতুন নিয়ম কার্যকর হয়েছে। নতুন নিয়মে দেশটিতে অবস্থানের মেয়াদ বাড়াতে একের পর এক কোর্সে ভর্তি হওয়া বা ভিসা পরিবর্তনের সুযোগ সীমিত করা হয়েছে। ফলে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের কোর্স ও ভিসা পরিকল্পনায় আরও সতর্ক হতে হবে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর মূল লক্ষ্য ‘ভিসা হপিং’ বন্ধ করা। অর্থাৎ অস্ট্রেলিয়ায় থাকার মেয়াদ বাড়ানোর জন্য এক ভিসা থেকে আরেক ভিসায় বারবার পরিবর্তনের প্রবণতা ঠেকাতে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নতুন ব্যবস্থায় একজন শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় গিয়ে একটি কোর্সে ভর্তি হওয়ার পর শুধু দেশটিতে থাকার উদ্দেশ্যে বারবার কোর্স পরিবর্তন করতে পারবেন না। বিশেষ করে উচ্চতর ডিগ্রি শেষ করার পর তুলনামূলক নিম্নস্তরের কোনো কোর্সে ভর্তি হয়ে শিক্ষার্থী ভিসা ধরে রাখার ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে।
অর্থাৎ কোনো শিক্ষার্থী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পর শুধু অস্ট্রেলিয়ায় অবস্থান অব্যাহত রাখার উদ্দেশ্যে বৃত্তিমূলক বা তুলনামূলক নিম্নস্তরের কোর্সে ভর্তি হলে তার ভিসা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বলেছেন, নতুন ব্যবস্থার লক্ষ্য এমন পরিস্থিতি বন্ধ করা, যেখানে কেউ বছরের পর বছর বিভিন্ন ভিসার মাধ্যমে অস্ট্রেলিয়ায় সাময়িকভাবে অবস্থান করার চেষ্টা করেন।
অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, আগামী বছরের ১ জুলাই থেকে নিয়ম আরও কঠোর হবে। ওই সময় থেকে কোনো শিক্ষার্থী অন্য কোর্সে স্থানান্তরিত হলেও শুধু কোর্স পরিবর্তনের কারণে তার বর্তমান শিক্ষার্থী ভিসার মেয়াদ বাড়ানো হবে না।
সরকারের বক্তব্য অনুযায়ী, কিছু শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় যাওয়ার পর নিয়মিত ক্লাস না করে বা পড়াশোনায় ব্যর্থ হয়ে তুলনামূলক কম খরচের প্রতিষ্ঠানে স্থানান্তরিত হন। এরপর তারা ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা করেন। নতুন নিয়মের মাধ্যমে এ ধরনের প্রবণতা ঠেকাতে চায় অস্ট্রেলিয়া।
বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যান। নতুন নিয়ম কার্যকর হওয়ায় তাদের জন্য শুরু থেকেই কোর্স নির্বাচন, পড়াশোনা এবং পরবর্তী ভিসা পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
