logo

ইউক্রেন প্রকাশ্যে ক্ষমা না চাইলে পদক্ষেপ নেওয়ার হুমকি দক্ষিণ কোরিয়ার

এএফপি
এএফপি
ইউক্রেন প্রকাশ্যে ক্ষমা না চাইলে পদক্ষেপ নেওয়ার হুমকি দক্ষিণ কোরিয়ার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। ছবি: রয়টার্স

উত্তর কোরিয়ার যুদ্ধবন্দিদের দক্ষিণ কোরিয়ায় পাঠানোর তথ্য একতরফাভাবে প্রকাশের ঘটনায় ইউক্রেন প্রকাশ্যে ক্ষমা না চাইলে সিউল আরও ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিযেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে জানান, তার দেশ দুই উত্তর কোরীয় সেনাকে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে। তিনি বলেন, তাদের জীবিত অবস্থায় আটক করা সহজ ছিল না।

জাতিসংঘে জেলেনস্কির বক্তব্যের কয়েক ঘণ্টা পর এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন লি জে মিয়ং। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, যুদ্ধবন্দিদের বিষয়ে তথ্য গোপন রাখা জরুরি ছিল। এতে উত্তর কোরিয়ায় তাদের পরিবারের সদস্যদের সম্ভাব্য হয়রানি বা প্রতিক্রিয়া থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হতে পারত।

এরপর ইউক্রেনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানায় দক্ষিণ কোরিয়া।

শুক্রবার লি বলেন, ইউক্রেন যদি ওই তথ্য প্রকাশের বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা না চায়, তাহলে সিউল পরবর্তী পদক্ষেপ নেবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিষয়টি দক্ষিণ কোরিয়া ও দেশটির জনগণের মর্যাদার সঙ্গে জড়িত এবং তা উপেক্ষা করা সম্ভব নয়।

লি আরও অভিযোগ করেন, ইউক্রেনের আচরণের কারণে তাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন তিনি মিথ্যা বলেছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের কথাও উল্লেখ করেন। বৃহস্পতিবার আরবিসি-ইউক্রেনসহ দেশটির কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত ওই সাক্ষাৎকারে সিবিহা বিষয়টিকে ‘ঘটনা’ হিসেবে না দেখে ‘কূটনৈতিক ভুল-বোঝাবুঝি’ হিসেবে বিবেচনা করার কথা বলেন।

সিবিহা বলেন, দক্ষিণ কোরিয়া ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ একটি দেশ। দুই দেশের চলমান সহযোগিতা অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে আরও গতি ও বাস্তব ফলাফল অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।