নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের স্কুল, এক সপ্তাহের ছুটি ঘোষণা

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন স্কুল আগামী এক সপ্তাহ বন্ধ রেখে অনলাইনে পাঠদান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রোববার অভিভাবকদের পাঠানো ইমেইলে এ তথ্য জানানো হয়। বার্তা সংস্থা এএফপির হাতে আসা দুটি পৃথক বার্তাতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের পাঠানো বার্তায় বলা হয়েছে, পুরো সপ্তাহজুড়েই স্কুলের সরাসরি কার্যক্রম বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়া হবে। তবে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
উপসাগরীয় অঞ্চলে যখন নতুন করে উত্তেজনা বাড়ছে, তখন রিয়াদের স্কুলগুলো বন্ধ রাখার ঘোষণা এলো। ইয়েমেনের হুতি যোদ্ধাদের হামলার কারণে সাম্প্রতিক সময়ে সৌদি আরবও বারবার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।
রিয়াদে বসবাসকারী এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, পুরো স্কুল-সম্প্রদায়কে এক সপ্তাহের জন্য প্রভাবিত করে এমন সিদ্ধান্তের কারণ সম্পর্কে অভিভাবকদের পরিষ্কার তথ্য পাওয়ার অধিকার রয়েছে।
আরেক লেবানিজ প্রবাসী অভিভাবক বলেন, সিদ্ধান্তটি একেবারেই শেষ মুহূর্তে জানানো হয়েছে। কী ঘটছে, সে বিষয়ে তাদের কোনো পরিষ্কার ধারণা নেই।
স্কুল বন্ধের এই ঘোষণা এমন সময় এলো, যখন এর আগের দিন ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া কয়েকটি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের সাম্প্রতিক হামলাগুলো তাদের ধারাবাহিক আক্রমণের অংশ বলে মনে করা হচ্ছে। কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর জুলাই মাসে এসব হামলা আবারও তীব্র হয়। এর ফলে ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে চলমান বৃহত্তর সংঘাতের সঙ্গেও আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছে।
এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সৌদি আরবের ওপর হুতিদের ক্রমবর্ধমান হামলার নিন্দা জানিয়েছিল। নিরাপত্তা পরিষদ জানিয়েছে, এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আহত হয়েছেন।
