logo

ভারতীয় সিনেমার ক্লিপ দিয়ে ট্রাম্পের কড়া হুমকির জবাব দিল ইরান

গালফ নিউজ
ভারতীয় সিনেমার ক্লিপ দিয়ে ট্রাম্পের কড়া হুমকির জবাব দিল ইরান
বালকৃষ্ণের ‘ভগবন্ত কেশরী’ সিনেমার অ্যাকশন দৃশ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ট্রল করল ইরান। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিতর্কিত ভাষণে ইসলামী প্রজাতন্ত্রকে ‘নির্মূল’ করার হুমকির অভিনব জবাব দিয়েছে ইরান। মার্কিন হুমকি ও হুঁশিয়ারিকে উপহাস করে জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের জনপ্রিয় তেলেগু সিনেমার একটি অ্যাকশন দৃশ্য শেয়ার করেছে।

২০২৩ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় তেলেগু সিনেমাটির ‘ভগবন্ত কেশরী’ থেকে ৫৮ সেকেন্ডের একটি অ্যাকশন ক্লিপ পোস্ট করে ট্রাম্পকে রীতিমতো ট্রোল করেছে ইরানি দূতাবাস। ভিডিও ক্লিপটিতে দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা নন্দমুরি বালাকৃষ্ণকে অত্যন্ত নাটকীয়ভাবে একদল সশস্ত্র শত্রুর ওপর তাণ্ডব চালাতে দেখা যায়।

ক্লিপটির ক্যাপশনে ইরানি দূতাবাস লেখে, ‘ট্রাম্প ইরানকে নিশ্চিহ্ন করার কথা বলেন। কিন্তু তার নিশ্চয়ই জানা আছে যে ইরান একদমই অরক্ষিত কোনো দেশ নয়।’ ট্রাম্প প্রশাসনকে কটাক্ষ করে পোস্টটিতে আরও জুড়ে দেওয়া হয় যে, ট্রাম্প ও তার প্রশাসন ‘সম্প্রতি হলিউডের সিনেমা দেখার পরিবর্তে বলিউড সিনেমা দেখা শুরু করেছে’।

আর এখানেই ঘটে বিপত্তি। সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা দ্রুতই তাদের ভুল ধরিয়ে দেন। নেটিজেনরা জানান, এটি কোনো বলিউড সিনেমা নয়, বরং ভারতের দক্ষিণী বা তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা, যা পরিচালনা করেছেন অনিল রাভিপুডি।

অনিল রাভিপুদি পরিচালিত ও নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত এই ছবিতে যৌথভাবে অভিনয় করেছিলেন কাজল আগরওয়াল, শ্রীলীলা ও অর্জুন রামপাল। চলচ্চিত্রে বালাকৃষ্ণের চরিত্রটি একজন তরুণীকে মানসিক আঘাত কাটিয়ে উঠে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানে প্রস্তুত করতে সাহায্য করে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম যুদ্ধাবস্থায় তেলেগু সিনেমার অ্যাকশন দৃশ্য পোস্ট করে ইরানের এভাবে প্রতিক্রিয়া জানানো অনলাইনে ইতোমধ্যে তীব্র আলোচনা ও ব্যাপক শোরগোলের জন্ম দিয়েছে।

গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় কূটনৈতিক চুক্তিতে পৌঁছানো কিংবা সমঝোতা না হলে ‘ইসলামী প্রজাতন্ত্রকে নিশ্চিহ্ন করে দেওয়া’। এবং এ বিষয়ে তাকে দ্রুত কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না, তবে একটি চুক্তির আওতায় ইরান পুনরায় নিজেদের অর্থনৈতিক পুনর্গঠনের সুবর্ণ সুযোগ পেতে পারে।