নতুন মার্কিন আর্মি সেক্রেটারির নাম ঘোষণা করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত আর্মি সেক্রেটারি হিসেবে অ্যাডাম টেলেকে নিয়োগ দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে মতবিরোধের জেরে ড্যান ড্রিসকল আর্মি সেক্রেটারির পদ থেকে সরে আসার পর এ নিয়োগ দেওয়া হলো।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, আর্মি ফর সিভিল ওয়ার্কসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডাম টেলে অবিলম্বে ভারপ্রাপ্ত আর্মি সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করবেন। টেলেকে ‘মহান দেশপ্রেমিক’ ও ‘সবার কাছে সম্মানিত’ ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।
২০২৫ সালের আগস্টে মার্কিন সিনেটের অনুমোদনের পর সহকারী সেক্রেটারি হিসেবে শপথ নেন টেলে। এর আগে তার কর্মজীবনের বড় একটি সময় মার্কিন কংগ্রেসে বিভিন্ন সহকারী পদে দায়িত্ব পালন করে কেটেছে।
ড্রিসকলের পদত্যাগকে ট্রাম্প প্রশাসনের মেয়াদে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সর্বশেষ গুরুত্বপূর্ণ বিদায় হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাবেক আইনশিক্ষার সহপাঠী ড্রিসকল প্রশাসনে ভ্যান্সের ঘনিষ্ঠতার কারণে প্রভাবশালী হয়ে উঠেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে দায়িত্ব পালনের সময় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয় বলে জানা গেছে।
