logo

সৌদি আরবে রেড অ্যালার্ট

গালফ নিউজ
সৌদি আরবে রেড অ্যালার্ট
ভারী বৃষ্টিতে সৌদি আরবে সড়কে জলাবদ্ধতা। ছবি: সৌদিয়ান বিজনেস

পবিত্র নগরী মক্কার পর এবার দেশের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ ‘লাল সতর্কতা’ বা রের্ড অ্যালার্ট জারি করেছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত মাঝারি থেকে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে।

এনসিএমের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সৌদি আরবের জাজান, আসির, আল বাহা এবং মক্কার বিভিন্ন অংশে বজ্রসহ শিলাবৃষ্টি ও ভারী বর্ষণ অব্যাহত থাকবে। বিশেষ করে জাজান ও আসির অঞ্চলের কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা মারাত্মক আকার ধারণ করতে পারে।

এ ছাড়া নাজরান অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

জাজান অঞ্চলের আল রাইথ, হারুব, আল দায়ের, ফায়ফা, বায়শ, সাবিয়া, আবু আরিশ এবং সামতাহসহ বিস্তীর্ণ এলাকা এবং জাজান শহর ও ঐতিহ্যবাহী ফারাসান দ্বীপপুঞ্জেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আসির অঞ্চলের আভা, খামিস মুশাইত, তানোমাহ, বারিক ও বলকারনসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে।

আবহাওয়া দপ্তর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এই প্রবল বর্ষণ ও বজ্রঝড়ের কারণে নিচু এলাকা, পাহাড়ের ঢাল ও উপত্যকাগুলোতে দ্রুত পানি জমে আকস্মিক বন্যা (ফ্ল্যাশ ফ্লাড) দেখা দিতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় এনসিএম সাধারণ জনগণকে আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা ও সময়সূচি জানতে নিজস্ব ‘আর্লি ওয়ার্নিং’ ওয়েবপেজ, ‘আনওয়া’ মোবাইল অ্যাপ ও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অনুসরণ করার পরামর্শ দিয়েছে।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও যানবাহন চালকদের নিরাপদ স্থানে থাকার, ভারী বর্ষণের সময় নদী ও উপত্যকা এড়িয়ে চলার এবং সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।